চাহালের ৬ উইকেট সিরিজ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুজবেন্দ্র চাহাল: ২৫ রানে ৬ উইকেট
যুজবেন্দ্র চাহাল: ২৫ রানে ৬ উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম পাঁচ ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ভারতের সেই লেগ স্পিনার কাল ১০ বলের মধ্যেই তুলে নিলেন ইংল্যান্ডের ৫ উইকেট। আর ভয়ংকর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯ বলের মধ্যে ৮ রানে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট ইংল্যান্ড। ফল, বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টিটা ৭৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজটা জিতে নিল ভারত।
চাহাল কাল ২৫ রানে নিয়েছেন মোট ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং এটি। ২০৩ রানের লক্ষ্যে ছোটা ইংল্যান্ড ১৩.২ ওভারে ২ উইকেটে তুলে ফেলেছিল ১১৯ রান। ৪০ বলে ৮৪ রান দরকার, ইংল্যান্ডের বিপর্যয় শুরু তখনই। দুই অঙ্কের রান পেয়েছেন শুধু দলটির জেসন রয় (৩২), জো রুট (৪২) ও এউইন মরগান (৪০)। ছয় ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।
এর আগে মহেন্দ্র সিং ধোনির (৩৬ বলে ৫৬) সঙ্গে সুরেশ রায়নার (৪৫ বলে ৬৩) বিধ্বংসী ফিফটি মিলিয়ে ৬ উইকেটে ২০২ রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কালই প্রথম ফিফটি পেলেন ধোনি। ম্যাচটি ছিল ভারতীয় ব্যাটসম্যানের ক্যারিয়ারের ৭৬তম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি পেতে কোনো ব্যাটসম্যানের দীর্ঘতম অপেক্ষা। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০২/৬ (রায়না ৬৩, ধোনি ৫৬, যুবরাজ ২৭, রাহুল ২২; প্লাঙ্কেট ১/২২, মিলস ১/৩২, স্টোকস ১/৩২, জর্ডান ১/৫৬)। ইংল্যান্ড: ১৬.৩ ওভারে ১২৭ (রুট ৪২, মরগান ৪০, রয় ৩২; চাহাল ৬/২৫, বুমরা ৩/১৪, মিশ্র ১/২৩)। ফল: ভারত ৭৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: যুজবেন্দ্র চাহাল।