চায়ে চুমুক দিতে দিতে ক্রিকেটার বিকিকিনির চিন্তা এসেছিল আইপিএলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড় নিলাম আইপিএলের খেলার চেয়ে কম আকর্ষণ জাগায় না। ফাইল ছবি
খেলোয়াড় নিলাম আইপিএলের খেলার চেয়ে কম আকর্ষণ জাগায় না। ফাইল ছবি

ক্রিকেটের চিন্তাধারাই বদলে দিয়েছে আইপিএল। এক লহমায় টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে অধিকাংশ ক্রিকেটারের চোখে। ক্রিকেট মানচিত্র, রাজনীতি ও নিয়মনীতি বদলে দেওয়া এই টুর্নামেন্ট সবচেয়ে বড় চমক দিয়েছিল প্রথম মৌসুমেই। যখন ঘোষণা করা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটার বেছে নেবে নিলামের মাধ্যমে।

নিলাম শব্দটা খুব একটা অপরিচিত নয়। দূর্লভ ও মূল্যবান বস্তু কেনাবাচার সময় হরহামেশা ব্যবহৃত হয়। করোনা সংক্রমণের সময়কালে দাতব্য কাজে এই নিলাম শব্দটাই আপন করে নিয়েছেন। বহু আগ থেকেই নানা সময়ে এভাবে ক্রিকেটাররা নিলামের মাধ্যমে এভাবে অর্থ সংগ্রহ করেছেন বিভিন্ন কাজে। কিন্তু ক্রিকেটের সবচেয়ে সাধারণ অনুসারীর কাছেও নিলাম শব্দটা পৌছে গেছে ২০০৮ সালে। যখন নিজেদের প্রিয় কোনো ব্যাট, বল বা ক্যাপ নয় স্বয়ং ক্রিকেটাররাই নিলামে চড়ছেন। নিজের মূল্য নির্ধারনের ভারটা তুলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির হাতে।

ক্রিকেটারদের নিলামে তোলার এ বিষয়টি সাড়া ফেলে দেয় সঙ্গে সঙ্গে। এমন অভিনব চিন্তাই আইপিএলকে বিশ্বের অন্য সব লিগ গুলো থেকে আলাদা করে ফেলে।মজার ব্যাপার এমন অভিনব চিন্তাটা এসেছিল এক চায়ের আড্ডায়! আইপিএলের সাবেক প্রধান পরিচালনা কর্মকর্তা সুন্দর রমন মজার সে ঘটনার কথা জানালেন এতদিন পর।

ইউটিউবে 'টুয়েন্টি টু ইয়ার্ডস উইথ গৌরভ কাপুর' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রমন। সেখানেই জানালেন, 'চায়ের আড্ডা চলছিল। আমরা তখন হাজারটা জিনিস নিয়ে ব্যস্ত। এই অবস্থায় হঠাৎ এই বুদ্ধিটা বের হলো। আমরা সব ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে ফেলেছি, কবে শুরু হবে টুর্নামেন্ট সেটাও ঠিক করে ফেলেছি। ভেন্যু আর দলগুলোও ঠিক। শুধু দলগুলো খেলোয়াড় কীভাবে দলে নেবে সেটা ঠিক করা বাকি।'

প্রথম মৌসুমে আইপিএলের অধিকাংশ দল নিজেদের রাজ্যের সেরা খেলোয়াড়কে আইকন হিসেবে পেয়েছিল। সে সিদ্ধান্ত আগে নেওয়াতে একটা ঝামেলা কমেছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষের, 'একটা ব্যাপার নিশ্চিত ছিল, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির মার্কি খেলোয়াড় নির্ধারিতই ছিল। যেমন শচীন টেন্ডুলকার মুম্বাইয়ের বাইরে খেলবে এটা মানা অসম্ভব ছিল। যুবরাজ গেলেন কিংস ইলেভেন পাঞ্জাবে, শেবাগ দিল্লিতে। কিন্তু আসল চ্যালেঞ্জ রয়ে গেল, আমরা কীভাবে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত দেব দলগুলোকে। এমন সময় আমার মনে নেই কে, এক ফ্র্যাঞ্চাইজি থেকে বলল,”আমরা নিলামে তুলি না কেন?” দুই মিনিট এ নিয়ে ভেবেই বললাম, “ভালো বুদ্ধি। এতে মানুষের মধ্যে অনেক আগ্রহ জন্মাবে।” এবং সেটাই ঠিক হলো।'