চা-বিরতির পরও অধিনায়ক ছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

ইংল্যান্ডকে টেস্টে হারানোর পর এখনো বাতাসে উড়ছে আনন্দের রেণু। একই সঙ্গে ব্যাপক কৌতূহল নিয়ে সবার মনে একটা প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে। মিরপুর টেস্টের তৃতীয় দিন চা-বিরতির পর যখন ম্যাচটা ১৮০ ডিগ্রি ঘুরে গেল, তখন বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম হলেও ওই সময় বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো, বোলারকে নির্দেশনা দেওয়া—সবকিছুতেই সহ-অধিনায়ক তামিম ইকবালকে বেশি তৎপর দেখা যাওয়াতেই এই প্রশ্ন। তাহলে কি সেদিন শেষ সেশনে মুশফিকের হাতে দল পরিচালনার দায়িত্ব ছিল না! হঠাৎই বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে উঠেছিলেন তামিম?
প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কাল সেই ভুল ভাঙালেন মুশফিক। সব কৌতূহলের সমাপ্তি টেনে তিনি জানিয়েছেন, ‘সেদিন চা-বিরতির পরও আমিই অধিনায়ক ছিলাম। তবে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। সে জন্যই হয়তো অনেকে মনে করছেন, ওই সময় আমি অধিনায়কত্ব করিনি, এটা ঠিক নয়।’
তৃতীয় দিন চা-বিরতির পরের নেতৃত্ব নিয়ে তিন রকমের আলোচনা আছে। কেউ বলছেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহেই তামিমকে বলেছেন ওই সময় দল পরিচালনা করতে। অনেকের ধারণা, মুশফিকের সঙ্গে অন্য অভিজ্ঞ খেলোয়াড়দেরও এগিয়ে আসতে বলেছিলেন হাথুরুসিংহে। কেউবা বলছেন, মুশফিকই তামিমকে বলেছিলেন অধিনায়কত্ব করতে। এর কোনটা ঠিক জানতে চাইলে অধিনায়কের উত্তর, ‘দ্বিতীয় ধারণাটি কিছুটা ঠিক। কিন্তু আমি কখনোই কাউকে বলিনি বা বলতে পারি না যে তুমি অধিনায়কত্ব করো। বোর্ড আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এর চেয়ে বড় গর্ব একজন খেলোয়াড়ের হতে পারে না। কোচও নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেননি। তবে সিনিয়রদের উদ্দেশে বলেছিলেন, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং ব্যতিক্রম কিছু করতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি।’

চা-বিরতির সময় কোচের দেওয়া বার্তা সম্পর্কে পরে আরও বিস্তারিত বলেছেন অধিনায়ক, ‘কোচ আমাকে আর তামিমকে বলেছিলেন, আমরা অধিনায়ক ও সহ-অধিনায়ক। আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। বোলারদের বলেছেন, “ওরা তোমাদের সাহায্য করবে। কিন্তু আসল কাজটা তোমাদেরই করতে হবে, কারণ তোমরা বল করবে। ওরা বল করবে না।”’

কোচের পরামর্শে নিজেদের মধ্যে সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন সেদিন। এর কারণও ব্যাখ্যা করেছেন অধিনায়ক, ‘আমি উইকেটের পেছনে থাকি। আমার পক্ষে প্রত্যেক বলে গিয়ে বোলারকে পরামর্শ দেওয়া কঠিন। কিন্তু ওই সময় এটার খুব প্রয়োজন ছিল। আমার চেয়ে মিড অফ বা মিড অনে যে থাকে, তার জন্য কাজটা সহজ হয় বলেই অন্যরা সেটা করেছে। তামিম একা নয়, আমরা চার-পাঁচজন মিলেই কাজটা করেছি। তামিম কাছাকাছি থাকায় হয়তো ওরটা বেশি চোখে পড়েছে।’ এ ধরনের ঘটনা সেদিনই প্রথম ঘটেনি বলেও জানিয়েছেন তিনি, ‘ওয়ানডেতে মাশরাফি ভাই এবং টেস্টে আমিও সব সময় দলের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই। ওদের কাছে জানতে চাই, “ড্রেসিংরুম থেকে এই বার্তা এসেছে। তোমরা কী মনে করো।” এ রকম প্রায়ই হয়। এটা আমাদের পরিকল্পনার অংশ।”’

চা-বিরতির পরের দুই ওভারের প্রথম দুই বলে পড়েছে ইংল্যান্ডের ২ উইকেট। মুশফিক জানান, ওই দুই ওভার কারা করবেন, সেই সিদ্ধান্তটিও ড্রেসিংরুম থেকে আগেই নেওয়া, ‘ড্রেসিংরুমে আমি আর কোচ মিলেই ঠিক করেছিলাম চা-বিরতির পর কে বল করবে। এক দিক থেকে মিরাজ অন্য দিক থেকে সাকিব।’

মুশফিক অবশ্য চা-বিরতিতে হাথুরুসিংহের উত্তেজিত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাঁর ওই রাগ নাকি শুধু তাঁর একার ওপর ছিল না। পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে না পারায় মূল রাগটা ছিল বোলারদের ওপরই। কোচের রাগে যুক্তি খুঁজে পাচ্ছেন মুশফিকও, ‘ওই সময় কোচের রাগারাগি করাটা স্বভাবিক ছিল। আমারও খারাপ লেগেছে। এ রকম সুযোগ তো সব সময় আসে না।’

বল নতুন থাকা অবস্থায় ইংল্যান্ডকে কাঁপিয়ে দিতে হবে, দ্বিতীয় ইনিংসে এমন পরিকল্পনা নিয়েই ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়কের ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য ছিল প্রথম ২০ ওভারে কিছু করা। কারণ, এই উইকেটে নতুন বলে প্রথম ২০ ওভার ব্যাট করা খুব কঠিন।’ কিন্তু বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারায় ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চা-বিরতির আগে বিনা উইকেটে ১০০ রান করে ফেলে ইংল্যান্ড। ‘আমরা বোলারদের ৫-৭ দিন ধরে ভিডিও দেখিয়ে একটা পরিকল্পনা দিই, এখন তারা যদি ওই জায়গায় বল না করতে পারে, তাহলে সেটা কার দোষ? ধরুন, অ্যালিস্টার কুকের মূল শক্তি হলো ব্যাক ফুট পাঞ্চ। এখন আপনি যদি ওকে সামনে খেলাতে না পারেন, এই দোষটা তো বোলারের’—বলেছেন অধিনায়ক।

টেস্ট জয়ের পরও অধিনায়কত্ব নিয়ে এত আলোচনা অপ্রত্যাশিত মুশফিকের কাছে। তবে এর মধ্যেও তিনি খুঁজে পাচ্ছেন ইতিবাচক দিক, ‘ম্যাচের একপর্যায়ে হয়তো আমার সঙ্গে দলের সিনিয়র দু-একজন কিছু কাজ করেছে। এটা এমন কিছু ছিল না যে এত আলোচনা হতে হবে। অবশ্য বাংলাদেশ দল এত ভালো খেলার পরও এ রকম একটি বিষয়ে এত কথা হচ্ছে, এটাকে ইতিবাচকভাবেও নেওয়া যায়।’

 * বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন আগামীকালের প্রথম আলোয়।