চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না হানিফ মোহাম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবনে হানিফ মোহাম্মদ। ছবি: সংগৃহীত
খেলোয়াড়ি জীবনে হানিফ মোহাম্মদ। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। লন্ডনে এক দফা চিকিৎসা করিয়ে কর্কট রোগকে বাগে আনা গেলেও তা নাকি আবারও মরণছোবল মারতে উদ্যত। সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে চলা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। গতকাল রোববার অসুস্থতার মাত্রা বেড়ে গেলে ক্রিকেটের প্রথম লিটল মাস্টারকে ভর্তি করা হয় করাচির একটি হাসপাতালে।
ফুসফুসের ক্যানসারটাই সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন হানিফ মোহাম্মদের ছেলে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মোহাম্মদ, ‘সময়ের সঙ্গে সঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছে। আগের বার লন্ডনে সার্জারি করে ক্যানসার নিয়ন্ত্রণ করা গেলেও এখন নাকি কেমোথেরাপিতে কাজ দেবে না। নতুন চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। এ জন্য টাকার সংস্থান করাটা আমাদের জন্য কঠিনই হবে।’
ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না! পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশ্য তাঁর দেশের সত্যিকারের এই কিংবদন্তির পাশে এসে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। হানিফ মোহাম্মদের চিকিৎসার সব ব্যয় বহন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেটের প্রতিই হানিফ মোহাম্মদের যে অবদান, তার ঋণ যে কিছুতেই শোধ হওয়ার নয়।

১৯৩৪ সালের ২১ ডিসেম্বর ভারতের জুনগরে জন্ম নেওয়া হানিফ মোহাম্মদ পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৫টি টেস্ট খেলেছেন। ৪৩.৯৮ গড়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১২।
১৯৫৭-৫৮ মৌসুমে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ৩৩৭ রানের মহাকাব্যিক ইনিংস অমর হয়ে আছে ইতিহাসে। টেস্টের তৃতীয় দিন বিকেলে ৪৭৩ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়া পাকিস্তান দলকে তিনি তাঁর সেই ইনিংস দিয়েই হারের হাত থেকে রক্ষা করেছিলেন। টানা ১৬ ঘণ্টা ধরে সেদিন ব্যাট করেছিলেন তিনি। হানিফের ইনিংসের ঠিক এক মাস পরেই ৩৬৫ রানের ইনিংস খেলে তাঁকে ছাড়িয়ে গিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্স। তবে হানিফের এই ইনিংস এখনো সময়ের হিসাবে টেস্ট ইতিহাসের দীর্ঘতম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দীর্ঘতম ইনিংস হয়ে ছিল ৪০ বছর।
হানিফের সেই ৩৩৭ রান আরও একটি দিক থেকে ছিল অন্য মাত্রার। ২০১৪ সাল পর্যন্ত ওটাই ছিল তৃতীয় ইনিংসে ব্যাট করে করা একমাত্র ট্রিপল সেঞ্চুরি। ২০১৪ সালে ভারতের বিপক্ষে নিজের ত্রিশতকে ব্রেন্ডন ম্যাককালাম ব্রাকেটবন্দী হন হানিফ মোহাম্মদের সঙ্গে।
১৯৫৮-৫৯ মৌসুমে হানিফ প্রথম শ্রেণির ক্রিকেটে করা স্যার ডন ব্র্যাডম্যানের সর্বোচ্চ ইনিংসটিকে ছাড়িয়ে যান। তবে তাঁর দুর্ভাগ্য যে, নিজের ৫০০তম রানটি নিতে গিয়ে ৪৯৯ রানে রানআউট হয়ে যান। ৩৫ বছর পর, ১৯৯৪ সালে ব্রায়ান লারা ছাড়িয়ে যান তাঁকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫৫। গড় ৫২.৩২। ১৯৬৮ সালে হানিফ উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার মনোনীত হন। ২০০৯ সালের জানুয়ারিতে আইসিসি তাঁকে ক্রিকেট হল অব ফেমে স্থান দিয়ে সম্মানিত করে। হানিফ মোহাম্মদের সঙ্গে মাত্র দুজন পাকিস্তানি ক্রিকেটার এই সম্মানের আসনে বসতে পেরেছেন। এঁরা দুজন হলেন ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ।
এই মোহাম্মদ পরিবার থেকেই উঠে এসেছে পাঁচজন টেস্ট ক্রিকেটার। সূত্র: দ্য ডন।