চিটাগংয়ের সান্ত্বনা আমিরের 'জয়'
অফ স্টাম্পের বাইরে পরপর তিনটা বল। মোহাম্মদ হাফিজকে কোনোটাতেই স্বচ্ছন্দ মনে হয়নি। দ্বিতীয় বলে তো বাউন্স-গতি দুটোতেই পরাস্ত! অফ স্টাম্পের বাইরে ছিল চতুর্থ বলটাও। ছেড়ে দিতে চাইলেন, তবে একটু দেরি হয়ে গেল। বল ততক্ষণে ছুঁয়ে গেছে ব্যাটের বাইরের কানা, গন্তব্য উইকেটকিপার এনামুল হকের গ্লাভস। উইকেট পাওয়ার আনন্দে আমিরের ট্রেডমার্ক দৌড়। শেষে মুষ্টি পাকিয়ে বাতাসে একটা ঘুষি।
স্পট ফিক্সিংয়ে কলিঙ্কত আমিরের সঙ্গে একই দলে খেলতে চাননি হাফিজ। বিপিএলে আসার আগে তাঁর মন্তব্য স্বদেশি পেসারকে তাতিয়ে দিয়েছিল নিশ্চিত। ব্যাপারটা নিয়ে আমির প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানালেও ভেতরে ক্ষোভ থাকতেই পারে। হাফিজকে ফেরানোর উদ্যাপনে সেটিরই প্রকাশ। ঢাকা ডায়নামাইটসের কাছে চিটাগং ভাইকিংস ৪৫ রানে ম্যাচ হারলেও দুই পাকিস্তানির লড়াইয়ে জয় কিন্তু ‘অনুজ’ আমিরেরই।
আমিরের উদ্যাপন নিয়ন্ত্রণে রাখতে মাঠেই উদ্যমী ভূমিকায় দেখা গেছে তামিম ইকবালকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও চিটাগং ভাইকিংস অধিনায়কের চেষ্টাটা অব্যাহত, ‘মিডিয়ায় যে আলোচনা হয়েছে, এটা নিয়ে ও (আমির) কখনো ভাবেনি। উইকেট পাওয়ার পরও হাফিজকে কিছু বলেনি। খেলার মধ্যে এত কিছু মাথায় থাকে না।’ হাফিজ-আমির অঘোষিত ‘লড়াই’য়ে সাদা পতাকা ওড়াতে তামিম এই আশাও ছড়িয়ে দিলেন যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো তাঁরা একই দলে খেলবেন। আমিরের মনে নাকি হাফিজের প্রতি ‘খারাপ কিছুই নেই’।
শেরেবাংলা স্টেডিয়ামের একপেশে প্রথম ম্যাচে আমির-হাফিজ দ্বৈরথটাই বলার মতো। ঢাকার ১২১ রানের জবাবে চিটাগং ৭৬। মোশাররফ ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা। এ রকম একটা ম্যাড়ম্যাড়ে ম্যাচের বাইরে আর কীই-বা থাকবে! তবে মুস্তাফিজুর রহমানের বলে তামিমের এলবিডব্লু নিয়ে বিতর্ক আছে। টেলিভিশন রিপ্লেতে সিদ্ধান্তটাকে সন্দেহজনকই মনে হয়েছে। সংবাদ সম্মেলনে তামিমও অনুচ্চারে জানিয়ে দিলেন অভিযোগটা, ‘সবারই চোখ আছে, সবাই দেখছে তাঁরা কী ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন। আমি কিছু বলতে গেলে জরিমানা হতে পারে, বহিষ্কারও হতে পারি। এখনো একটা ম্যাচ আছে। এটা নিয়ে তাই কিছু বলতে চাই না।’
তামিমের হতাশা আছে আরও। ৯ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া চিটাগং এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের বাইরে। অধিনায়ক এর জন্য দায়ী করলেন স্থানীয় ক্রিকেটারদের ব্যর্থতাকে। ব্যতিক্রম একমাত্র তিনি নিজে। ২৯৮ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার তামিমই!
তামিম ছাড়া দুই শ’র ওপর রান করেছেন শুধু কুমার সাঙ্গাকারা (২৯১) ও তিলকরত্নে দিলশান (২৭৮)। শুরুর কয়েকটা ম্যাচ বাদ দিলে প্রায় প্রতিদিনই দেখতে হচ্ছে ঝিম ধরানো ব্যাটিং। এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত তাই উইকেট। কালকের উইকেটটাকে মোটামুটি ভালো বললেও বিপিএলের উইকেট নিয়ে তামিমের সার্বিক মূল্যায়ন, ‘এ রকম উইকেট কখনো দেখিনি। প্রথম তিন-চার ম্যাচের মতো উইকেট থাকলে টুর্নামেন্টের জন্য ভালো হতো।’
উইকেটের এই চরিত্রের কারণেই গত কয়েক ম্যাচে টসে জিতলে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠানোটা নিয়মে পরিণত হয়েছে। তামিমও সেই নিয়মের মধ্যে থাকতে চাইলেন। কিন্তু এবার অঙ্ক মিলল না। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ম্যাচে চিটাগংয়ের সান্ত্বনা কেবল হাফিজ-আমির ‘যুদ্ধে’ পাওয়া জয়টাই।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস–চিটাগং ভাইকিংস
ঢাকা : ২০ ওভারে ১২১/৮ (সাঙ্গাকারা ৩৮, মোসাদ্দেক ২৪, ওয়ালার ১৯; আমির ৩/১৮, শফিউল ৩/২১, আসিফ ১/৬) । চিটাগং : ১৬.৫ ওভারে ৭৬ (উমর আকমল ১৪, ভাট্টি ১১, ইলিয়াস সানি ১০; মোশাররফ ৪/১৬, মুস্তাফিজ ২/৭)।
ফল: ঢাকা ৪৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।
রংপুর রাইডার্স–কুমিল্লা ভিক্টোরিয়ানস
রংপুর: ২০ ওভারে ১৫৩/৬ (জহুরুল ৬২*, স্যামি ২৪, সাকিব ২০; হায়দার ২/২৮, জাইদি ১/১৪, কামরুল ১/২২)। কুমিল্লা: ১৯.৫ ওভারে ১৩২ (ইমরুল ৩৮, হায়দার ১৮*, মালিক ১৫; পেরেরা ৩/১৮, নবী ২/১৩, সাকলাইন ২/১৯)।
ফল: রংপুর ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।