চীনকে কীভাবে ঠেকাবে ভারতীয় ক্রিকেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন–ভারত সংঘাতে উভয়-সংকেট ভারতীয় ক্রিকেট। ফাইল ছবি
চীন–ভারত সংঘাতে উভয়-সংকেট ভারতীয় ক্রিকেট। ফাইল ছবি

গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর ভারতে চীনবিরোধী মানসিকতা এখন তুঙ্গে। একসঙ্গে এত সেনাসদস্য নিহত হওয়ার পর জাতীয়তাবাদী ভাবনাটা অন্য মাত্রা নেবে, এটাই স্বাভাবিক। ভারতজুড়ে ডাক দেওয়া হয়েছে চীনা পণ্য বর্জনের। আর এই আহ্বান ভারতের খেলার জগৎকে বড় বিপদেই ফেলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে অর্থকরী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের টাইটেল স্পনসরই তো চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভোর। টুর্নামেন্টে চীনা প্রতিষ্ঠানের বিরাট অঙ্কের বিনিয়োগ কীভাবে অস্বীকার করবে ভারত?

হয়তো এ কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে নতুন করে ভাবার সিদ্ধান্ত নিলেও বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের বক্তব্য অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেছেন, চীনের টাকায় যদি ভারতের লাভ হয়, তাহলে তো অসুবিধার কিছু নেই! ধুমাল অবশ্য এটাও বলেছেন, ‘জাতীয় স্বার্থের কাছে বিসিসিআইয়ের বাণিজ্যিক স্বার্থ কিছুই নয়।’ তবে তাঁর কথায় স্পষ্ট—চীনা পৃষ্ঠপোষকদের পত্রপাঠ বিদায় করে দেওয়া এত সহজ হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য।

চীনা প্রতিষ্ঠান বা চীনা পণ্য বয়কটের ডাকে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে ভারতের ক্রিকেটই। বিসিসিআইকে দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলা হয়। আর এই ধনী বোর্ডের ধন-সম্পদের বড় উৎসই হলো চীনা প্রতিষ্ঠান। সেটি চীনা ব্র্যান্ড দিয়েই হোক কিংবা চীনা বিনিয়োগের মাধ্যমে।

টেলিভিশন সম্প্রচারের হিসাব ধরলে আইপিএল বিশ্বের অন্যতম লোভনীয় টুর্নামেন্ট। যে পাঁচটি ইভেন্ট এ মুহূর্তে টেলিভিশন সম্প্রচারকদের কাছে সবচেয়ে বেশি আরাধ্য, তার একটি আইপিএল। এই টুর্নামেন্ট নানাভাবেই বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো, যেটি চীনা প্রতিষ্ঠান, তাদের সঙ্গেই আইপিএলের (অন্য অর্থে ভারতীয় ক্রিকেট বোর্ডের) রয়েছে ২ হাজার ২২০ কোটি রুপির চুক্তি। এ ছাড়া অনলাইন ফ্যান্টাসি গেম প্ল্যাটফর্ম ‘ড্রিম ১১’ ও ই-কমার্স কোম্পানি ‘পেটিএম’—এ দুটিই আইপিএলের অফিশিয়াল সহযোগী। দুই প্রতিষ্ঠানেই আছে বিশাল অঙ্কের চীনা বিনিয়োগ।

পৃথিবীর অন্যতম বৃহৎ ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টেনসেন্ট’ ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি গেম ড্রিম ইলেভেনের বৃহত্তম অংশীদার। এটিও চীনা প্রতিষ্ঠান। ভারতের ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএমের ৩৭ দশমিক ১৫ শতাংশ মালিকানা বিশ্বখ্যাত চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবার। এ ছাড়া আরেক চীনা প্রতিষ্ঠান সুইগিও আইপিএলের অন্যতম স্পনসর, টেনসেন্টের শতকরা ৫ দশমিক ৫৭ শতাংশের মালিকানা তাদের। ভারতের মাটিতে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টাইটেল স্পনসর বাবদ ম্যাচ প্রতি পেটিএম বিসিসিআইকে প্রদান করে ৩২৬ কোটি রুপি। এ ছাড়া ‘ড্রিম ১১’ ও বিসিসিআইয়ের অন্যতম অফিশিয়াল স্পনসর।

আইপিএলের কথা বাদ দিন। ভারতীয় ক্রিকেট দলের অফিশিয়াল স্পনসর ‘বাইজু’র (বেঙ্গালুরুর এডুকেশন টেকনোলজি ও অনলাইন শিক্ষার সংস্থা থিংক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের একটি অ্যাপ) সঙ্গে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের চুক্তি ১ হাজার ৭৯ কোটি রুপির। এই অনলাইন টিউটরিং ফার্মেও রয়েছে চীনা প্রতিষ্ঠান টেনসেন্টের বিনিয়োগ।

ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গেও ভারতীয় ক্রিকেটের বড় সংযোগ রয়েছে। আর ভারতব্যাপী চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারাই। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহর ছেলে। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল অর্থ ও করপোরেট-বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই।

ক্রিকেটের মতো ভারতের অন্যান্য খেলাও চীনা পণ্য বয়কটের ডাকে বড় বিপদে পড়েছে। ভারতে ব্যবহৃত ক্রীড়াসামগ্রীর বেশির ভাগই চীন থেকে আমদানি করা হয়। টেবিল টেনিস ব্যাট, পিংপং বল, শাটল কক, ব্যাডমিন্টন ও টেনিস র‌্যাকেট, রেসলিং ম্যাট ইত্যাদি তো আছেই, অ্যাথলেটিকসের বিভিন্ন সামগ্রী যেমন জ্যাভলিন, হাই জাম্প বার, রানিং শু, বক্সিং হেড গার্ড, গ্লাভস—সবই ভারত চীন থেকেই আমদানি করে। কাজেই চীনা পণ্য যদি সত্যিই বয়কট করা হয়, তাহলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন ভারতীয় ক্রীড়াবিদেরা। এ মুহূর্তে ভারতের খেলাধুলার সামগ্রীর বাজারের ৫০ শতাংশের বেশি চীনা প্রতিষ্ঠানের দখলে।

শুধু ক্রিকেট নয়, ভারতীয় খেলাধুলার পক্ষেই তাই চীনাদের এড়িয়ে চলাটা একটু কঠিনই।