চুইংগাম চিবিয়ে ঝামেলায় আলোচিত সেই ক্রিকেটার

‘সন্দেহভাজন’ থেকে ভারত ক্রিকেট দলে! অভিষেকের আগেই আলোচনায় ছিলেন পারভেজ রসুল। কাশ্মীরের এই ক্রিকেটার এবার আবারও তুমুল আলোচনার জন্ম দিলেন মাঠে নামার পরপরই। গতকাল ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে জাতীয় সংগীত গাওয়ার সময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা গেছে। যেটি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে।
ক্রিকেট খেলতে এসে স্টেডিয়ামে ঢোকার মুখে পুলিশ একবার সন্দেহভাজন হিসেবে আটক করেছিল তাঁকে। সেই পারভেজ পরে ভারতের ওয়ানডে দলের হয়ে খেলেছেন। গতকাল টি-টোয়েন্টি অভিষেকের আগে আরও একবার ঘুরে ফিরে আসছিল তাঁর জীবনের সেই গল্প।
গতকাল অভিষেকটা স্মরণীয় কিছু হয়নি। দল হেরেছে। ব্যাট হাতে ৫ রান আর বোলিংয়ে ৩২ রানে ১ উইকেট। এর মধ্যেই জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ উঠল পারভেজের বিরুদ্ধে।
টুইটারে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের বক্তব্য, জাতীয় দলের হয়ে খেলা মানে দেশকেই নেতৃত্ব দেওয়া। জাতীয় সংগীত গাইতে জানে না এমন কারও জাতীয় দলে খেলার যোগ্যতা আছে কি না, এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। একজন টুইট করেছেন, ‘খুবই হতাশ লাগছে পারভেজকে আরামে দাঁড়াও ভঙ্গিতে জাতীয় সংগীত চলার সময় চুইংগাম চিবোতে দেখে। ভারতের জাতীয় সংগীত গাইতে জানে না এমন কারও ভারতের জার্সি কি পরতে পারে?’
অনেকে আবার বলছেন, জাতীয় সংগীত গাওয়ার সময় পারভেজের চুইংগাম চিবোনো দৃষ্টিকটু লাগলেও খেলোয়াড়দের জাতীয় সংগীত না জানলে দলে নেওয়া যাবে না—এমন দাবি করাও অযৌক্তিক। কেউ কেউ অনিল কুম্বলেকে মেনশন করে বলেছেন, ব্যাপারটি পারভেজকে বুঝিয়ে বললে ভবিষ্যতে তিনি এ ব্যাপারে সতর্ক থাকবেন।