চুক্তি নবায়ন হচ্ছে হিথ স্ট্রিকের
বিসিবির সঙ্গে হিথ স্ট্রিকের ৪৫০ দিনের চুক্তি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ১ এপ্রিল তাঁর ঢাকা ছাড়ার কথা। গুজরাট লায়নসের
হয়ে কাজ করবেন আইপিএলে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, নতুন করে চুক্তি নবায়ন হবে জিম্বাবুইয়ান এই বোলিং কোচের সঙ্গে। চুক্তির মেয়াদ হতে পারে দুই বছর অথবা আগের মতোই দিনের হিসেবে।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য এ ব্যাপারে কালই নিশ্চিত করে কিছু বলেননি। কারণ কোচদের চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ড এবং সেটা এখনো বাকি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুই বছরের বর্তমান চুক্তিও আগামী মে মাসে শেষ হয়ে যাবে। নবায়ন হতে পারে সেটিও।
পরশু ভারত থেকে ফিরে কালই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা প্রধান, বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম, কোচ হাথুরুসিংহে, জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ, নির্বাচক মিনহাজুল আবেদীন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। সভায় যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেটের জন্য অবৈধ বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠনের ব্যাপারে একমত হয়েছেন সবাই। আলোচনা হয়েছে ‘এ’ দলের সম্ভাব্য কিছু সিরিজ আর সফর নিয়েও। ‘প্রিমিয়ার লিগের পর ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ করতে চাই আমরা। সেসব নিয়ে কথা হয়েছে’—বলেছেন আকরাম।
এ ছাড়া হাইপারফরম্যান্স ইউনিটের নতুন কোচ নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে সভায়। সম্ভাব্যের তালিকায় আগের কোচ স্টুয়ার্ট লসহ চার-পাঁচজন আছেন বলে জানা গেছে।