চুক্তি প্রত্যাখ্যান স্মিথদের
আগের তুলনায় বেতন-ভাতা বাড়ছে অনেক। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রত্যাশা ছিল আরও বেশি। সেই চাওয়া-পাওয়া মেলেনি বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। শুধু তা-ই নয়, প্রস্তাবিত এ বেতনকাঠামোকে অসম্মানজনকও মনে করছে এসিএ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে খেলোয়াড়দের বর্তমান চুক্তিটি শেষ হবে এ বছরের জুনে। সে কারণেই এখন থেকে নতুন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে সিএ একটি চুক্তি প্রস্তাবও করেছে খেলোয়াড়দের। এই প্রস্তাব অনুযায়ী জাতীয় দলে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ২০২১-২২ মৌসুম পর্যন্ত পাবেন বছরে গড়ে ৮ লাখ ১৬ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি। এ ছাড়া ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস, বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলার পারিশ্রমিক মিলিয়ে ক্রিকেটারদের বাৎসরিক আয় হবে ১৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের মতো। যা বর্তমান চুক্তির চেয়ে প্রায় ৩৫ ভাগ বেশি।
তারপরও এ চুক্তিতে খুশি নয় খেলোয়াড়দের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। এসিএ এক বিবৃতিতে বলেছে, ‘প্রস্তাবিত চুক্তিতে ঘরোয়া ক্রিকেটারদের অসম্মান করা হয়েছে, অথচ তারাই অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় অবদান রাখে।’
এসিএর এই অবস্থানে হতাশ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তবে বর্তমান চুক্তি শেষ হওয়ার আগেই ক্রিকেটাররা এ চুক্তি মেনে নেবেন বলে আশাবাদী সাদারল্যান্ড, ‘খেলোয়াড়েরা যখন আমাদের সঙ্গে বসবে এবং বিষয়টা বিস্তারিত জানবে, তখন তারা বুঝতে পারবে যে এটা একটা যুগান্তকারী প্রস্তাব। খেলোয়াড়দের জন্য এটা খুবই ন্যায্য একটা চুক্তি।’ এএফপি।