চুক্তিতে উন্নতি আমিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বোর্ডের সঙ্গে সর্বশেষ চুক্তিতেই ‘সি’ থেকে ডি’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিলেন। কিন্তু এবার উমর আকমলের ভাগ্যটা আরও খারাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে দল থেকে বাদ দেওয়া হয়েছিল আকমলকে। তাঁর পরিবর্তে দলে ঢুকেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। ২০১৭-১৮ মৌসুমের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে পিসিবি। উমর আকমল ছাড়াও চুক্তি থেকে বাদ পড়েছেন জুলফিকার বাবর ও আনোয়ার আলী।

নতুন চুক্তিতে উন্নতিও হয়েছে অনেকের। অধিনায়ক সরফরাজ আহমেদ, পেসার মোহাম্মদ আমির ও স্পিনার ইয়াসির শাহ যেমন ‘বি’ থেকে সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে উঠে এসেছেন। অন্যদিকে ইমাদ ওয়াসিম ও বাবর আজম ক্যাটাগরি ‘সি’ থেকে ‘বি’-তে উঠে এসেছেন। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, সব ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১০ শতাংশ বাড়ানো হয়েছে। দ্য ডন।