চুপ, চুপ, কোনো কথা নয়!

গুড লেংথে বল পড়ে বল আঘাত হানল বেন স্টোকসের প্যাডে। জোরালো আবেদনে আঙুল তুলে দিলেন পল রাইফেল। হতাশ হয়ে মাঠ ছাড়তে শুরু করলেন স্টোকস। কিন্তু বোলারের মধ্যে কোনো বাঁধভাঙা উদ্যাপন দেখা গেল না। শুধু মাথায় হাত বুলাতে বুলাতে সতীর্থের দিকে ছুটলেন কাগিসো রাবাদা। কোনো উল্লাসধ্বনি নেই, নেই কোনো বুনো চিৎকার। তবে নীরব এই উদ্যাপনই কিন্তু চিৎকার করে জবাব দিয়ে দিল আইসিসিকে।
ঘটনার তাৎপর্য বুঝতে একটু পেছাতে হবে সবাইকে। লর্ডসে প্রথম দিনে জো রুট ও স্টোকস মিলে ইংল্যান্ডের ইনিংসে স্থিতি এনে দিচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকা দলে জেঁকে বসছিল হতাশা। এ অবস্থায় স্টোকসকে আউট করলেন রাবাদা। এমন ব্রেক দিতে পেরে আনন্দিত হয়ে উচ্চারণ করে বসেন একটি গালি, ‘ফা* অফ’। খুব একটা বাজে গালি বলা যাবে না। বিরক্তি প্রকাশে ‘এখান থেকে ভাগো’ বোঝাতেই শব্দজোড়া বেশি ব্যবহৃত হয়।
কিন্তু স্টাম্প মাইকে সেটি শোনা যাওয়াতেই ঝামেলা হলো। অশ্রাব্য শব্দ উচ্চারণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া তো হয়েছেই, সঙ্গে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট হলেই একজন ক্রিকেটার এক টেস্ট অথবা দুটি ওয়ানডে/টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন। এই ডিমেরিট পয়েন্টটি নিয়ে রাবাদা সেই ‘কোটা’ পূরণ করে ফেললেন। চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় আগামী শুক্রবারে শুরু সিরিজের দ্বিতীয় টেস্টে রাবাদাকে নিষিদ্ধ করেছে আইসিসি।
এমন সিদ্ধান্তে সাবেক খেলোয়াড়েরাও খেপেছেন। মাঠে এটুকু আক্রমণাত্মকই যদি হতে না পারেন, তাহলে আর ফাস্ট বোলিং করার দরকার কী! বলের গতি দিয়েই তো আর ফাস্ট বোলার হওয়া যায় না, গ্লেন ম্যাকগ্রা, মাখায়া এনটিনিদের যদি শরীরী ভাষাতেও তো সেটা প্রকাশ ঘটাতে হবে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন পর্যন্ত রাবাদার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই পেসার পাল্টা প্রশ্ন করেছেন, মাঠে এত খুদে মাইক্রোফোন, স্পাইডার ক্যাম আর কত কী! খেলোয়াড়দের ওপর এখন এত নজরদারি! পান থেকে চুন খসলেই খুন।
আজ তাই আইসিসিকেই একটা জবাব দিলেন রাবাদা। স্টোকসকে আউট করে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিলেন, মাথা এবার ঠান্ডাই রাখছেন তিনি। তারপরও যদি মুখ ফসকে যেন কিছু বলে না ফেলেন, সে জন্য অধিনায়ক ডিন এলগার এসে মুখ চেপে ধরলেন রাবাদার। এই ফাস্ট বোলার আবার সেটা সরিয়ে মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, না, এবার মুখ বন্ধই থাকবে তাঁর! এমন উদ্যাপন দেখে আম্পায়ার পল রাইফেলও মুচকি হেসেছেন।
আইসিসিকে দারুণ এক জবাবই দিয়েছেন রাবাদা।