গোপন কথাটি রইল না গোপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে মাঝেমধ্যেই দারুণ রসবোধের পরিচয় দেন ধোনি। সংগৃহীত ছবি
মাঠে মাঝেমধ্যেই দারুণ রসবোধের পরিচয় দেন ধোনি। সংগৃহীত ছবি

ক্রিকেট মানে তো শুধু ব্যাট বলের লড়াই নয়। মনস্তাত্ত্বিক খেলাও। এ জন্য মাঠে কথার বাউন্সারও ছোড়া হয় হরদম। এর সবকিছু ভদ্রসমাজে প্রকাশযোগ্য নয়। ফট করে মুখ থেকে বেরিয়ে পড়া বুলি আর বন্দুকের গুলি ফেরত নেওয়ার কোনো উপায় নেই। আর প্রযুক্তির এই যুগে গুলির মতো দুম করে বেরিয়ে পড়া কিছু কিছু বুলি ধরা পড়ে যায় ক্যামেরায়, মাইক্রোফোনে।
তবে শুধু কি গালমন্দই? মাঝে মধ্যে খেলোয়াড়দের রসবোধের পরিচয়ও কিন্তু মেলে।
গানে গানে স্লেজিং
কুমার সাঙ্গাকারার মতো ভদ্রলোকও কিন্তু স্লেজিং করেন! হ্যাঁ, সাঙ্গাকারাও স্লেজিং করেছেন, তবে গানে গানে। ২০০৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে শন পোলককে গানই শুনিয়েছেন সাঙ্গা। ২৬৯ রান তাড়া করতে নেমে ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা। তখন উইকেটে এলেন অধিনায়ক পোলক। তাঁকে দেখেই সুরে সুরে শোনালেন, যেটার বাংলা অনুবাদ হতে পারে: অধিনায়ক নামছে, দেশকে ডুবিয়ে ছাড়বে সে। এত এত আশা তাঁকে নিয়ে, ৪ কোটি ২০ লাখ সমর্থক নির্ভর করছে তাঁর ওপর।
এমন গান শুনে পোলকও হেসে ফেলেন। সেদিন ম্যাচ টাই করেও বিশ্বকাপ থেকে কিন্তু আসলেই বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ভিডিওটি দেখুন
আচ্ছা তবে দশই নাও
২০০৫ সালে সেঞ্চুরিয়ন টেস্টের ঘটনা। জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু তখন উইকেটে। নিষ্পাপ চেহারার মার্ক বাউচারও যে সুযোগ মতো ‘মাস্তান’ হয়ে উঠতে জানেন সেটা জানা গেল সেদিন। টাইবু একটি শট খেলার চেষ্টা করতেই স্টাম্পের মাইক্রোফোনে শোনা গেল প্রোটিয়া কিপার বাউচারের কণ্ঠ, ‘বাহ বেড়ে খেলেছ দেখছি। মাঠে মাত্র একজন পেসার থাকলেই রান নেওয়ার চেষ্টা কর নাকি? কেপ টাউনে যখন সব পেসার নিয়ে নামলাম তখন কোথায় ছিলে?’

একটু পরেই আবারও বাউচারের মুখ খুলল, ‘মাঠ ছাড়ার সময় হলো। সিরিজে গড় কত তোমার? নিশ্চয় জানো। কত? ৯ না ১০? আমার মনে হয় ৯, সাড়ে ৯ ও হতে পারে। আচ্ছা আজকে তোমাকে ১০ করতে দেব! তারপর ড্রেসিংরুমে পৌঁছে দিয়ে আসব আমি।’ ভিডিওটি দেখুন 

পারলে তিন বছর কাটাও
২০০৪ সালের লর্ড টেস্টে তরুণ ডোয়াইন ব্রাভো একটু উত্তেজিতই ছিলেন। বারবার অ্যান্ড্রু ফ্লিনটফের আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর শুনিয়ে শুনিয়ে বোলারদের উৎসাহ দিচ্ছিলেন, ‘চল একে আউট করি।’ কাঁহাতক আর সহ্য করা যায়! ফ্লিনটফও মুখ খুললেন, ‘ডোয়াইন আমি দেখতে চাই, তিন বছর পরও তুমি খেল কি না। এই খেলাটা যে কীভাবে কাকে ল্যাং মেরে ছিটকে ফেলে দেয়, তা কেউ জানে না। আমি সব দেখেছি এখানে। আমি বাজি ধরতে পারি, তিন বছর টিকবে না তুমি।’
না, ভবিষ্যদ্বাণীটা কিন্তু সত্যি হয়নি তাঁর। ভিডিওটি দেখুন

পারলে চার মারুক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো খণ্ড-খণ্ড সব ‘যুদ্ধ’। কিন্তু মোহাম্মদ কাইফের ঘটনাটি অতটা আক্রমণাত্মক কিছু নয়। ২০০৫ সালে এক টেস্টে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের দিনটা খারাপ যাচ্ছিল। কাইফ তাই খোঁচা দেওয়া শুরু করলেন, ‘আরে ৮৭ বল খেলছে, এখনো একটা চার মারতেও পারেনি!’ কাইফ চটাতেই চেয়েছিলেন। তবে উত্তরে ইউসুফ দিলেন শুধুই একটা হাসি। ভিডিওটি দেখুন

ক্যাচ ধরার জন্য রেখেছি, তালি দিতে না
মহেন্দ্র সিং ধোনি মাঠে মাথা ঠান্ডা রাখার জন্য বিখ্যাত। তাই বলে যে মাঠে বিরক্ত হন না সেটা ভাবা ঠিক না। তবে কখনো কখনো বিরক্তির প্রকাশটাও করেন সহজাত রসবোধ দিয়ে। এক ম্যাচে বোলারকে অফ স্টাম্পের বাইরে বল করার কথা মনে করিয়ে দিয়েছেন এভাবে, ‘বিজয় আমাদের দলেই খেলে। ওকে সেখানে রাখা হয়েছে ক্যাচ ধরার জন্য, অফ স্টাম্পে একটু বল কর।’ বোলার ঠিক লাইনে বল করছিলেন না দেখে স্লিপে দাঁড়ানো বিজয়ের অলস সময় কাটছিল।
আরেক ম্যাচে রবীন্দ্র জাদেজাকে আরেকটু ভালো বল করার কথা বলেছেন আরও মজা করে, ‘পূজারাকে স্লিপে রেখেছি ক্যাচ ধরার জন্য, তালি দেওয়ার জন্য না। বল ঘুরলেই না তবে ও ওর কাজটা করতে পারবে।’