চুমু খেয়ে বিপদে ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোফিকে (ডানে) ওয়ার্ন চুমু খেয়েছেন বলেই খবর রটেছে।
সোফিকে (ডানে) ওয়ার্ন চুমু খেয়েছেন বলেই খবর রটেছে।

সঙ্গিনীর সঙ্গে প্রতারণা? ও তাঁর জন্য নতুন কিছু নয়। শেন ওয়ার্নকে বারবার ক্ষমা করে দিয়েও শেষ পর্যন্ত সংসারটা টেকাতে পারেননি সিমোনে। সেই ওয়ার্ন প্রেমের উইকেটে গোটা কয়েক গুগলি ছুড়ে শেষে নিলেন লিজ হার্লির উইকেটটা। কিন্তু ইংলিশ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কটা বাগদান পর্যন্ত গড়িয়ে ভেঙে গেল। এবারও একই অভিযোগ। সম্পর্কের প্রতি ওয়ার্নের অবিশ্বস্ততা।

ওয়ার্নের হৃদয়ে অবশ্য বেশি দিন ‘টু-লেট’ ঝোলে না। এবার প্লেবয় মডেল এমিলি স্কটের সঙ্গে প্রেম করছেন। কিন্তু এই সম্পর্কটাও ওয়ার্ন টেকাতে পারবেন কি না, কে জানে। কারণ এরই মধ্যে নাকি একটা সুনামি বয়ে গেছে। ওয়ার্ন যে অস্ট্রেলীয় গায়িকা ও রেডিও ডিজে সোফি মঙ্ককে চুমু খেয়েছেন বলেই খবর। ওয়ার্ন পত্রপাঠ এই খবর অস্বীকার করলেও সোফি বলেছেন, তাঁর পক্ষে মিথ্যা বলা সম্ভব নয়। এতেই পেকেছে তালগোল।

কদিন আগে সোফি ও জুলেস লুন্ড ‘টুডেএফএম’ নামে একটি রেডিও অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানেই দুজনের কথাবার্তার এক ফাঁকে লুন্ড সোফির কাছে প্রশ্ন ছুড়ে দেন, ‘তুমি তো ওঁর (ওয়ার্ন) সঙ্গে লন্ডনে নৈশভোজে গিয়েছিলেন। চুমুও খেয়েছিলে?’ চমকে গিয়ে সোফি বলেন, ‘দাঁড়াও দাঁড়াও। তুমি কী করে জানলে? কী করে জানলে যে আমি ওকে চুমু খেয়েছি?’ লুন্ড তখন বলেন, ‘আসলে আমি অন্ধকারে ঢিল ছুড়েছিলাম। এবং আমার অনুমান লেগে গেল দেখছি! তুমি তো স্বীকারই করলে।’

এদিকে ওয়ার্ন ‘কাইল অ্যান্ড জেকি ও শো’ নামের আরেকটি রেডিও অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে অপ্রস্তুত করে দিয়ে এই চুমুর প্রসঙ্গ তোলা হয়। কাইল স্যান্ডিল্যান্ডস ওয়ার্নকে প্রশ্ন করেন, ‘সোফি তার রেডিও শোতে কিন্তু স্বীকার করেছে তোমরা চুমু খেয়েছিলে।’

বিস্মিত ওয়ার্ন বলেন, ‘কী! না, এটা সত্যি নয়। আমরা অনেক দিন থেকেই বন্ধু।’ ওয়ার্নের এমন মন্তব্যের পর সোফি বেশ কয়েকটি টুইট করেন। একটিতে লেখেন, ‘আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো, আমি কখনো মিথ্যা বলি না।’ আরেকটিতে মন্তব্য করেন, ‘একজন জ্ঞানী ব্যক্তি আমাকে একবার বলেছিলেন, মিথ্যা বলার জন্য তোমার স্মৃতিশক্তি বেশ ভালো হতে হবে।’

দেখা যাক, ওয়ার্নের নতুন প্রেমটা এই ঘটনার পরেও টেকে কি না!