‘এ’ দলের হয়ে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই আজ ভারত সফরে চলে যাচ্ছেন। তারপরও ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় লিগের প্রথম পর্বটা হতে পারে বর্ণিল। অবশ্য তার জন্য জাতীয় দলের বাকি তারকাদের প্রথম পর্বের ম্যাচগুলোয় খেলতে হবে।
কাল জাতীয় লিগের আট বিভাগের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। খুলনা ও বরিশাল ১৩ সদস্যের দল দিলেও বাকি সব দলই দিয়েছে ১৪ সদস্যের। ‘এ’ দলের খেলোয়াড়দের বাদ দিয়ে করা এই দলগুলোর মধ্যে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী বলতে হবে খুলনাকে। আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, রবিউল ইসলামদের সঙ্গে দলে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসানও। এ ছাড়া রাজশাহী দলের হয়ে মুশফিকুর রহিম, চট্টগ্রামের তামিম ইকবাল ও ঢাকা মহানগর দলের মাহমুদউল্লাহও আলো ছড়াতে পারেন প্রথম পর্বে।
অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় লিগে আপাতত শুধু প্রথম পর্বের ম্যাচেই খেলবেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনুশীলন শুরু হয়ে যাবে বলে দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না তাঁদের। দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার কথা ঈদুল আজহার পর।
এবারই প্রথম জাতীয় লিগ হবে দ্বিস্তরবিশিষ্ট। প্রথম স্তরে আছে গতবারের শীর্ষ চার দল রংপুর, ঢাকা মহানগর, খুলনা ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে শেষ চার দল রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়ে দ্বিতীয় স্তরের সেরা দলটি আগামীবার উঠে আসবে প্রথম স্তরে। আর প্রথম স্তরের শেষ দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে।
প্রথম পর্বে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা মহানগর। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা বিভাগ। রাজশাহী-বরিশাল ম্যাচ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম-সিলেট।