চূড়ান্ত পর্বে আমিরাত

টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গী হবে কে? উত্তরটা জানতে বাছাইপর্বের শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হলো। ওমানকে ৭১ রানে হারিয়ে মূল পর্বে চলে গেল সংযুক্ত আরব আমিরাত।
শেষ ম্যাচে না হারলেই চূড়ান্ত পর্ব—এই সমীকরণ নিয়ে খেলতে নেমে আমিরাত কাল করেছে ৬ উইকেটে ১৭২ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার রোহান মুস্তাফাকে হারায় দলটি। এরপর দ্বিতীয় উইকেটে ১০.৫ ওভারে ৮৬ রান যোগ করেন মুহাম্মদ কলিম ও মোহাম্মদ শাহজাদ। ৪০ বলে ৫০ রান কলিমের, শাহজাদ করেছেন ৩১ বলে ৩৪। ৯৭ থেকে ১১১—১৪ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে কিছুটা গতি হারায় আমিরাতের ইনিংস। ১৩ থেকে ১৭—এই ৫ ওভারে ওঠে মাত্র ৩১ রান। আমিরাতের রানটা ১৭০ ছাড়িয়েছে শেষ ৩ ওভারে মুহাম্মদ উসমানের ঝড়ে। এই বাঁহাতি ৬ চার ও ২ ছয়ে ২২ বলে করেছেন ৪৬ রান। ওমানের বাঁহাতি স্পিনার আমির কলিম ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
লক্ষ্য ১৭৩, মূল পর্বে যেতে হলে সেটি পেরোতে হবে ১৪ ওভারে—ওমান খেলোয়াড়দের অত জটিলতার মধ্য দিয়ে যেতে হয়নি। যাবেন কীভাবে? ১১ রানের মধ্যেই ৩ উইকেট চলে গেলে আর ওসব লক্ষ্য-টক্ষ্য বিবেচনায় থাকে নাকি! তা-ও দুটি ‘কৃতিত্ব’ নিয়ে ম্যাচ শেষ করেছে—একটা সময় ৩৮ রানেই ৫ উইকেট হারালেও অলআউট হয়নি ওমান, রানের হিসাবেও পেরিয়েছে দলীয় শত রানের ‘মাইলফলক’। ২০ ওভারে ৮ উইকেটে ১০১ করেই ‘রণে’ ক্ষান্তি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে দিনের প্রথম ম্যাচে হংকংকে ৬৬ রানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিল আফগানিস্তান। শেরেবাংলা স্টেডিয়ামে ৭ উইকেটে ১৭৮ রান তোলে আফগানরা। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত ছিলেন নজিবুল্লাহ জাদরান। এ ছাড়া ৪৯ রান (৩৫ বল) করেছেন অধিনায়ক আসগার স্টানিকজাই। জবাবে ১৭.১ ওভারেই ১১২ রানে অলআউট হয়ে তিনটি ম্যাচেই হারল হংকং।