প্রাথমিক শুনানি হয়েছিল গত ৬ আগস্ট। আজ শুরু হচ্ছে বিপিএল ফিক্সিংয়ের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি। গত ১৮ জুন রায় ঘোষণার পরপরই অসন্তোষ জানিয়েছিল বিসিবি ও আইসিসি। পরে আপিল করা হয় খালাস পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে। একই সঙ্গে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আজীবন নিষেধাজ্ঞা চেয়েও আপিল করে সংস্থা দুটি। শিহাব চৌধুরীও আপিল করেন তাঁর ১০ বছরের নিষেধাজ্ঞা ও ২০ লাখ টাকা জরিমানা মওকুফ চেয়ে। সাজা কমানোর আবেদন করেন মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লোকুয়ারাচ্চিও। সবার আপিল আবেদনের শুনানি হবে এই দফায়। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। শুনানি শেষে যত দ্রুত সম্ভব রায় দেবেন বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান।
বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় আশরাফুলকে। ১৮ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় লোকুয়ারাচ্চিকে। আর অভিযোগ থেকে খালাস পান ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, প্রধান নির্বাহী গৌরব রাওয়াত, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক ও তিন ক্রিকেটার মাহবুবুল আলম, মোশাররফ হোসেন ও ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স। মাহবুবুল ও মোশাররফ এর মধ্যেই ফিরেছেন ক্রিকেট মাঠে।
আপিল আবেদনের রায়েও কোনো পক্ষ সন্তুষ্ট না হলে সুযোগ আছে সুইজারল্যান্ডের লুসানে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, রায়ের পরই পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবেন তাঁরা।