চেনা ছন্দে ফেরার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ বা সিরিজ জিতলে সাধারণত এমন ছবি দেখা যায়। কাল অনুশীলনের সময় সেটিরই কি আগাম মহড়া দিয়ে রাখলেন মাশরাফিরা? l শামসুল হক
ম্যাচ বা সিরিজ জিতলে সাধারণত এমন ছবি দেখা যায়। কাল অনুশীলনের সময় সেটিরই কি আগাম মহড়া দিয়ে রাখলেন মাশরাফিরা? l শামসুল হক

গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু। এরপর থেকেই ওয়ানডেতে উজ্জ্বল আলো ছড়াচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে তো হয়ে উঠেছে দুর্দম্য এক দলই। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে-পরে জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হোয়াইটওয়াশ, সর্বশেষ ভারতের বিপক্ষে ২-১-এ জয়। পেছনে যখন এত সাফল্য, আজ আরেকটি ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রেরণার অভাব নেই।
কিন্তু সামনে যে দক্ষিণ আফ্রিকার মতো দল! টি-টোয়েন্টি সিরিজেই বোঝা গেছে তাদের সঙ্গে বাংলাদেশের পার্থক্য। তবে সে অধ্যায় পেরিয়ে এখন আসল মঞ্চে জ্বলে ওঠার পালা, যে মঞ্চে সাত-আট মাস ধরেই উড়ছে বাংলাদেশের সাফল্যের পতাকা।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সরাসরি ‘জিতব’ কথাটা বলছেন না। তবে আশার বেলুনটা তিনি উড়িয়েই রাখছেন। কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘বাংলাদেশ আট মাস ধরে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গেও আমাদের ভালো করার সুযোগ আছে। আশা করছি আগামীকাল (আজ) ভালো কিছু দেখা যাবে।’
সেই ভালোর সন্ধান কীভাবে পাবে বাংলাদেশ, সেটা মাঠেই দেখা যাবে। তবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে একটা জয় তো আশা করা যায়ই। মাশরাফি কথাটা বললেন একটু ঘুরিয়ে, ‘আমরা তো জিততেই মাঠে নামি।’ হ্যাঁ, এই বাংলাদেশ যে অন্তত ওয়ানডেটা জয়ের লক্ষ্যেই খেলে, সেটা গত কয়েক সিরিজেই দেখা গেছে। সাফল্যের ভেলায় ভাসা বাংলাদেশ দল কাটাচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সেরা সময়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র জয়টি অবশ্য আট বছরেরও বেশি আগে। গায়ানার সেই ম্যাচেও ছিলেন মাশরাফি। ছিলেন মুশফিক, সাকিব, তামিমও। সেই স্মৃতি রোমন্থন করেই তো তাঁরা উজ্জীবিত করে তুলতে পারেন দলকে। মাশরাফি অবশ্য জয়ের কথা বেশি না ভেবে উন্নতির ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সতীর্থদের কাছে তাঁর প্রথম চাওয়া ‘ভালো খেলা’। সেই চাওয়া পূরণ হলে জয় এমনিতেই ধরা দেবে।
ভারত সিরিজের শেষ ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেই হারে একটু তো ছন্দপতন হয়েছেই। মাশরাফিকে তা একটু ভাবাচ্ছেও, ‘যেহেতু আমরা শেষ তিনটি ম্যাচ জিততে পারিনি, তাই আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে। আগে যে কাজগুলো ঠিকভাবে করেছি, সেগুলো আবার নিশ্চিত করা দরকার।’
মাশরাফি যতই জেতার স্বপ্নটাকে ঊহ্য রাখতে চান না কেন, সেটি ঘুরেফিরে আসছেই। গত কিছুদিনের সাফল্যের অবশ্যম্ভাবী পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সমর্থকদের প্রত্যাশাটা এখন আকাশছোঁয়া। মাশরাফি নিজেও বললেন, ‘জিততে জিততে জেতার একটা নেশা তৈরি হয়, যা খুবই স্বাভাবিক। সবাই জিততে চায় এবং এটাই আমাদের কাজ।’
কিন্তু বাস্তবতা একটু কঠিন। তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের ধারায় থাকা দক্ষিণ আফ্রিকাকে হারানো অত সহজ নয়। মাশরাফিও দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে অনেক উঁচুতেই রাখছেন, ‘আইসিসি টুর্নামেন্টের কথা ভিন্ন, তবে দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলই দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিততে পারে না।’
তবে খেলাটা নিজেদের আঙিনায়। চেনা মাঠে চেনা উইকেটের সুবিধা তো বাংলাদেশ পাবেই। টি-টোয়েন্টিতে সেই সুবিধা কোনো কাজেই আসেনি। ওয়ানডে সিরিজের উইকেট নিয়ে তাই আগে থেকেই কোনো অনুমানে যেতে রাজি নন মাশরাফি। উইকেট নিয়ে টি-টোয়েন্টির বিভ্রান্তিকর অভিজ্ঞতার কথা মনে করে বলেছেন, ‘আমাদের উইকেট নিয়ে খুব বেশি না ভাবাই ভালো। উইকেট যে ধরনেরই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’
এর চেয়ে বরং বড় একটা স্বস্তি মনে নিয়েই মাঠে নামার ক্ষণ গুনছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা দলে এবি ডি ভিলিয়ার্স নেই, এর চেয়ে বড় স্বস্তি আর কী হতে পারে! প্রসঙ্গটা উঠতেই মাশরাফির চোখে তাই ফুটে ওঠে আশার ঝিলিক, ‘এবি না থাকাটা আমাদের জন্য বড় এক সুযোগ।’