চেনা রূপে ফিরলেন ভারতীয় স্পিনাররা

কলকাতা টেস্টে উইকেট পাননি দুই দলের কোনো স্পিনারই! শ্রীলঙ্কার চেয়ে স্বাগতিকদের জন্য ব্যাপারটা ছিল বেশি লজ্জাজনক। কেননা তাঁদের দলে যে রয়েছেন আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ সেরা বোলার—রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। নাগপুর টেস্টে আজ প্রথম দিনেই সেই লজ্জা মাটিচাপা দিলেন দুই স্বাগতিক স্পিনার। প্রথম ইনিংসে ৭৯.১ ওভার ব্যাটিং করে ২০৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। অশ্বিন ও জাদেজা মিলে তুলে নিয়েছেন ৭ উইকেট।
ইশান্ত শর্মার শিকার ৩ উইকেট। কিন্তু নাগপুর টেস্টের প্রথম দিনের রাজত্ব শুধুই অশ্বিন ও জাদেজার। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল (৫৭) ও দিমুথ করুণারত্নে (৫১) দুটি ফিফটি তুলে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু স্পিনারদের দাপটে বেশি দূর এগোতে পারেনি লঙ্কান ইনিংস। দুই ওপেনার সামারা বিক্রমা ও করুণারত্নেকে ফিরিয়ে শুরুটা করেছিলেন শর্মা। বাকি কাজটুকু সেরেছেন অশ্বিন ও জাদেজা।
থিরিমান্নে, চান্দিমাল, শানাকা আর হেরাথকে ফিরিয়েছেন অশ্বিন। অ্যাঞ্জেলা ম্যাথুস, ডিকভেলা ও পেরেরাকে তুলে নেন জাদেজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান। ব্যাট করছিলেন লোকেশ রাহুল (৭*) ও মুরালি বিজয় (০*)।