চেহারার মিল যখন স্লেজিংয়ের অস্ত্র

>ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত কৌতুক অভিনেতা ও উপস্থাপক এলেন ডিজেনেরেস। দুজনের চেহারায় যে বড্ড মিল!
জো রুটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বর্তমান সময়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কও তিনি। তাঁকে বলা হয় এ মুহূর্তে সবচেয়ে প্রতিভাবান ইংলিশ ব্যাটসম্যান।
হলিউডের খবরাখবর যারা রাখেন তাঁদের কাছে এলেন ডিজেনেরেস বেশ পরিচিত এক নাম। দুর্দান্ত টক শো উপস্থাপক, কুশলী কৌতুক ও চরিত্রাভিনেতা তিনি।
এই দুজনের মধ্যে মিল কোথায়? দুজনের চেহারা এক ঝলক দেখতে অনেকেরই মনে হতে বাধ্য, দুজন বুঝি একই মানুষ! চেহারা দেখে দুজনের পার্থক্য করা যায় সামান্যই। বোঝা যায় না, কে রুট, কে ডিজেনেরেস!
এটাই 'স্লেজিং' এর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা! এত দিন পর এই অজানা তথ্যটা জানিয়েছেন খোদ রুট।
ক্রিকেট ভক্তদের 'স্লেজিং' সম্পর্কে নতুন করে পরিচিত করানোর কিছু নাই। মাঠে ব্যাটসম্যানের মনোসংযোগে চিড় ধরানোর জন্য প্রতিপক্ষ উল্টোপাল্টা যেসব কথা বলে, মূলত তাই স্লেজিং। ভালো ব্যাটসম্যানদের এই স্লেজিংয়ের যন্ত্রণা সহ্য করতে হয় বাকিদের চেয়ে অনেক বেশি।
ব্যতিক্রম ছিলেন না জো রুটও। আর এই রুটকেই আউট করার জন্য অভিনব পন্থায় স্লেজ করতেন প্রতিপক্ষরা। বিবিসি রেডিও ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট জানিয়েছেন, 'গোটা ক্যারিয়ারে অনেকেই আমাকে এলেন ডিজেনেরেসের নাম ধরে ডেকেছে। আমার মনে হয় আমাদের দুজনের চেহারার মধ্যে একটা মিল আছে।'
অনুষ্ঠানে নিজের পছন্দের দুটি গানের কথাও বলেছেন রুট – ইংলিশ রক ব্যান্ড আর্কটিক মাঙ্কিজের 'মার্ডি বাম' ও আরেক ইংলিশ ইন্ডি ব্যান্ডের 'শি মুভস ইন হার ওন ওয়ে'।