চোখ রাখব বোলারদের দিকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালটা উপভোগ্য হবে। ভারত ভালো ফর্মে আছে। আর চার মাস ধরে অস্ট্রেলিয়ায় থাকায় কন্ডিশনের সঙ্গে তারা ভালো মানিয়ে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, দর্শক হিসেবে দেখাটা হবে আনন্দের। তবে ভারতীয় দর্শকেরাও একটা প্রভাব ফেলবে। আমার মনে হয়, সবার জন্যই বিনোদন অপেক্ষা করছে।
এ ম্যাচে পিচের একটা বড় প্রভাব থাকবে। যদি ঘাস থাকে, তাহলে বল ভালো সিম করতে পারে। আবহাওয়াও গুরুত্বপূর্ণ, সিডনিতে বৃষ্টি নিয়েও তো কথা হচ্ছে। এসসিজিতে সাধারণত বল টার্ন করে। পিচ তো ভালোই, যদি আবহাওয়া বাগড়া না দেয়, তাহলে টুর্নামেন্টের সেরা ম্যাচ হবে এটি।
শারীরিক দক্ষতার সঙ্গে মানসিক দক্ষতারও একটি পরীক্ষা হবে আজ। বোঝা যাবে, মানসিকভাবে কে কতটা মানিয়ে নিতে পারে। যদি ভারত শুরুতেই উইকেট তুলে নিতে পারে, তাহলে অস্ট্রেলিয়া চাপে পড়বে। তবে অস্ট্রেলিয়াও দেখাতে পারে, তারা ঘুরে দাঁড়াতে জানে।
অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে পেস ও দক্ষতা দুটিই আছে। তবে সেমিফাইনালে দ্বিতীয় সুযোগ নেই, হারলেই শেষ। তাদেরও তাই পরীক্ষা হবে। যদি নজর রাখতে হবে এমন বোলারদের বেছে নিতে বলেন, তবে আমি মিচেল স্টার্ক ও মোহাম্মদ শামিকেই নেব। শামির পেস আছে, সঠিক জায়গায় বল রাখে। আমার মনে হয়, বোলাররাই পার্থক্য গড়ে দেবে। ব্যাটসম্যানদের বিশ্বকাপে তাই আমি বোলারদের দিকে নজর রাখব।
মোটের ওপর ভারতের বোলিং আক্রমণ ভালোই করেছে। তাদের দুজন স্পিনার আছে। মোহিত শর্মার বলে বৈচিত্র্য দেখছি, উমেশ যাদবের পেসও বলার মতো। আর তাদের বাঁহাতি পেসার নেই, এ কথা বলার কোনো মানে হয় না। এখন আর ‘যদি, কিন্তু’ করে লাভ নেই, যা আছে তাই নিয়ে এগোতে হবে।
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচের পর অস্ট্রেলিয়া ও ভারত চাপে থাকবে। একটা ‘ক্লাসিক শো’ আশা করছে সবাই। প্রথম সেমিফাইনাল ছিল অবিশ্বাস্য এক ম্যাচ। আমি বলব, এটাই টি-টোয়েন্টির প্রভাব। নিউজিল্যান্ড দেখাচ্ছে, কেন তারা ফেবারিট।
দক্ষিণ আফ্রিকার ব্যাপারটা মানসিক। আপনি নকআউট পর্বে এসে পঞ্চম বোলারকে ছাড়া ম্যাচ জিততে পারেন না। এবি ডি ভিলিয়ার্স বিশ্বসেরা ব্যাটসম্যান, কিন্তু পঞ্চম বোলারের অভাব পূরণ করার মতো বোলার নয়। এটিই দক্ষিণ আফ্রিকাকে আঘাত দিয়েছে। এই ক্ষত থেকে সেরে উঠতে তাদের সময় চাই। (টিসিএম)