চোখে চোখ রেখে খেলতে বলেছিলাম

ওয়ানডে সিরিজের আগে একটাই ভয় ছিল। টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, সেই খারাপটা না আবার চলে আসে ওয়ানডেতেও! দলে ঢোকার পর আমার একটা কথাই বারবার মনে হয়েছে—টেস্ট নিয়ে আমরা যেন আর না ভাবি। তা ছাড়া বৃষ্টির জন্যই হোক বা যেকোনো কারণে, টেস্ট তো আমরা ড্র করেছি! হারিনি।
মানসিক লড়াই ছিল আরও একটা। র্যা ঙ্কিং, চ্যাম্পিয়নস ট্রফি এসবও যে চলে আসছিল মাথায়! আগামী ছয় ম্যাচের দুটো জিততেই হবে। শুরুতে আমার চেষ্টা ছিল সেই চাপও দূরে করে দেওয়ার। আমার মনে হয় ভালো খেলার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে নির্ভার থাকাটাই। কিছু বিষয়ে সিরিয়াসনেস থাকতেই হবে। তাই বলে আমরা মাথার ভেতরে কোনো চাপ নিয়ে নিইনি। ঘুম থেকে উঠে ভেবেছি, আজ খেলা আছে। নিজের সেরাটাই খেলে আসব।
দলের মধ্যে সবার দায়িত্ব ভাগ করে দেওয়া হয় শুরুতেই। তবে সেটা কোনো রকেট বিজ্ঞান ছিল না। সবাইকে সবার কাজটা আরও ভালোভাবে করতে হবে, এটুকুই। তামিম তামিমের খেলা ভালো করবে, আমি আমার খেলা ভালো করব। ওয়ানডে দলের প্রথম টিম মিটিংয়ে প্রত্যেককে দেখিয়ে দিয়েছি, ভারতের এই আছে, ওই আছে। আমাদেরও এই আছে বা ওই আছে। সারা দুনিয়া ভারতকে ভয় পায়, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নিজেদের যেন কেউ ছোট না ভাবে। আমি বলেছি, ভারত বড় দল। মাঠ ও মাঠের বাইরে ওদের যথাযথ সম্মান দাও। কিন্তু খেলাটা চোখে চোখ রেখে খেলো। এক ওভারে ২০ দাও, ৩০ দাও, দুই ম্যাচে শূন্য রানে আউট হও, কিন্তু ওদের চোখে চোখ রেখে খেলতে হবে। এটাই ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে।
বাংলাদেশ দল চোখের দিকে তাকিয়ে ক্রিকেট খেলছে—এই জিনিস ওদের সহ্য হওয়ার কথা নয়।
মাঠে অনেক সময় অনেক কিছু নিয়ে কথা-কাটাকাটি হতে পারে। সেটা আমারও হয়। তাই বলে স্লেজিংয়ে আমি কখনোই বিশ্বাস করি না। তবে প্রতিপক্ষ যদি কিছু বলে আমরা কেন চুপ থাকব? সবাইকে বলে দিয়েছিলাম, ওরা কোনো কথা বললে চুপ করে থেকো না। কথার উত্তর না দাও, চোখে চোখ যেন থাকে। তখন ওরা ধাক্কা খাবে। বিরাট কোহলির দিকে আপনি যখন তাকাবেন, ও চিন্তা করবে, ‘কোনো বোলার যেখানে সাহস পায় না আমার দিকে তাকাতে, ওরা কীভাবে তাকাচ্ছে!’ এটাই তাদের মানসিকভাবে দুর্বল করে দেবে। আমরা মানসিক শক্তি দেখাতে পারলে ওরা ভুল করবেই। আমার ১৫ বছরের অভিজ্ঞতা বলে, দুনিয়ার সেরা দলগুলো এটা কল্পনাই করে না যে বাংলাদেশের ছেলেরা ওদের দিকে তাকাবে, চোখে চোখ রেখে খেলবে।
চার পেসার প্রসঙ্গে একটু বলি। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে সবাই যেটা জানত সেটাই হওয়ার কথা ছিল। পেসারদের মধ্যে তাসকিন, রুবেল আর আমি খেলব। কিন্তু হঠাৎ করেই মাথায় চিন্তাটা এল, চার পেসার খেলালে কেমন হয়! ভারত তো এটা কল্পনাই করছে না। ওদের চমকে দেওয়ার এটা আরেকটা পথ। সাকিবের সঙ্গে আলোচনা করি। ও বলল, ‘আপনি যদি ভালো মনে করেন খেলিয়ে দেন...।’ কোচের সঙ্গে কথা বললে, তিনিও বলেন ভালো আইডিয়া।
আসলে নেটে মুস্তাফিজের বোলিং দেখেই মনে হচ্ছিল ওকে খেলানো যায়। এর আগে ওকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার একটা চিন্তা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এ রকম বড় কোনো জায়গায় সারপ্রাইজ প্যাকেজ হিসেবে উপস্থাপন করা যেত তাকে। কিন্তু আমার মন বলছিল এটাই মুস্তাফিজকে খেলানোর সেরা সময়। তখনো সিরিজের দুদিন বাকি। কোচকে বললাম একটু চিন্তাভাবনা করতে। পরে তিনিও মত দিলেন। এটা আমাদের ক্রিকেটে এযাবৎকালের অন্যতম সেরা সিদ্ধান্ত। কোচ এবং সহ-অধিনায়ক সাকিবসহ আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি।
এবারই আমরা ভারতের সেরা দলটার বিপক্ষে খেলেছি। এর আগে যতবার ওদের সঙ্গে খেলেছি, এত ভালো দল ছিল না। আইপিএলে খেলে আসায় ওরা এই ফরম্যাটের ভেতরেই ছিল। আর আমরা পরপর দুটো টেস্ট খেলে ভারতের সঙ্গেও টেস্ট দিয়ে সিরিজ শুরু করলাম। সেখান থেকে যে নিজেদের খেলাটা বদলে ওদের হারিয়েছি, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি।
পাকিস্তান, ভারত দুটো সিরিজ জয়ই আমাদের জন্য বিরাট ব্যাপার। তারপরও আমি এগিয়ে রাখব ভারতের বিপক্ষে জয়টাকে। অভিজ্ঞ একটা দল নিয়ে এসেছিল ওরা। অন্যদিকে পাকিস্তানের অনেকে তো বিশ্বকাপের পর ওয়ানডে খেলাই ছেড়ে দিল।
সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ। আমাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ বলতে পারেন ওটাকেই। এই সিরিজে প্রত্যাশাটা আকাশচুম্বী না হলেই ভালো। বাংলাদেশ দল একটা ম্যাচ জিতলেই যেভাবে সিরিজ জয় আর ‘বাংলাওয়াশে’র শোরগোল ওঠে, সেটা ক্রিকেটারদের মানসিক চাপে ফেলে দেয়। আমার বিশ্বাস, এই চাপটা না থাকলে আমরা আরও ভালো খেলব। কারণ, চাপ জিনিসটা যেকোনো কাজেই একধরনের বাধ্যবাধকতা নিয়ে আসে। আমরা চাপের মধ্যে খেলতে চাই না। চাই খোলা আকাশের নিচে নির্ভীক ক্রিকেট খেলতে।