চোখে তাঁর বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ

পুরস্কারটা যে মেহেদী হাসান মিরাজই পাবেন, বেশ অনুমান করতে পারছিলেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে এ নিয়ে মিরাজের সঙ্গে রসিকতা-খুনসুটিও করলেন বাঁহাতি পেসার। মোস্তাফিজের অনুমান শেষ পর্যন্ত সত্যি হয়েছে। রূপচাঁদা-প্রথম আলো ২০১৬ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজই।
মিরাজের পাদপ্রদীপের আলোয় আসাটা গত বছরের শুরুতেই। ফেব্রুয়ারিতে তাঁর প্রেরণাদায়ী নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছিল, যেটি যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। দ্রুত তিনি জায়গা করে নেন জাতীয় দলেও। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে ১৯ বছর বয়সী এই অফ স্পিনারের মুখে তাই খুশির আভা, ‘স্বাভাবিকভাবেই ভালো লাগছে। এ পুরস্কারটা দেশের সব খেলোয়াড়কেই ভীষণ অনুপ্রেরণা দেয়। সবাই উপলব্ধি করতে পারে, সামনে আরও ভালো করতে হবে, তবেই পুরস্কারটা জেতা যাবে।’
এবার সেরা উদীয়মান হওয়া পাঁচ টেস্ট খেলা বাংলাদেশ দলের তরুণ এই অলরাউন্ডার ভবিষ্যতে আরও বড় অর্জনের স্বপ্ন দেখেন, ‘অবশ্যই স্বপ্ন দেখি আরও সামনে এগিয়ে যাওয়ার, বাংলাদেশের হয়ে আরও বড় কিছু করার। গত বছরের ধারাবাহিকতায় চেষ্টা করব আরও ভালো খেলার। আগামী বছরও এ অনুষ্ঠানে আরও বড় পুরস্কার যাতে পাই, সেই চেষ্টা থাকবে।’
আজ দুপুরে বাংলাদেশ দল রওনা দেবে শ্রীলঙ্কায়। সফরের আগের দিন স্বাভাবিকভাবেই ব্যক্তিগত তাড়া ছিল মিরাজের। তবে তাঁর সব ব্যস্ততাই যেন তুচ্ছ হয়ে গেল এই পুরস্কারটার কাছে, ‘গত বছর মোস্তাফিজ এখানে পুরস্কার জিতেছিল মনে আছে। এবার আমি পেলাম। আমাদের কাছে পুরস্কারটার গুরুত্ব অন্য রকম।’ পুরস্কার মানেই সামনে এগিয়ে চলার প্রেরণা। সেই প্রেরণা থেকে এবার শ্রীলঙ্কা সফরটা স্মরণীয় করে রাখতে চান মিরাজ, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কার কন্ডিশনের অনেক মিল। এ সফরে চেষ্টা করব মনে রাখার মতো কিছু করার।’
এক হাতে ক্রেস্ট, আরেক হাতে ঢাউস ডামি চেক—দুটি সামলাতে গলদঘর্ম মিরাজ। এর মধ্যে আবার মানুষের সেলফি আর ছবি তোলার হিড়িক। বাধ্য হয়েই দর্শক-পাঠকের দৃষ্টি এড়িয়ে মিরাজ কোন ফাঁকে বেরিয়ে গেলেন কেউ সেটা টেরই পায়নি! নিজের সঙ্গেও ছবিটা মিলিয়ে নিতে পারেন মিরাজ। বাধা-বিপত্তি পেরিয়ে, নানা প্রলোভন এড়িয়ে তাঁকে এভাবেই বেরিয়ে যেতে হবে।