
সচরাচর গালিতেই ফিল্ডিং করেন কেন উইলিয়ামসন। কিন্তু ডানেডিনে প্রথম টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে খুব কম সময়ই তাঁকে দেখা গেছে গালিতে। কারণটা কী?
সেটা জানা গেল হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার ঠিক আগের দিন, গতকাল। জানালেন উইলিয়ামসন নিজেই। নিউজিল্যান্ড ব্যাটসম্যান কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বললেন, আঙুলে চোটের কারণেই পুরো সময় গালিতে ফিল্ডিং করেননি। ডানেডিনে প্রথম ইনিংসে ব্যাট করার সময়ই হাতের আঙুলে চোট পেয়েছিলেন। চোটগ্রস্ত আঙুল নিয়েই ওই ইনিংসে ৮৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭১ করেছিলেন উইলিয়ামসন।
উইলিয়ামসন অবশ্য এখনো জানেন না আঙুল ভেঙেছে কি না, পরীক্ষাই নাকি করা হয়নি! উইলিয়ামসন বলেনওনি ঠিক কোন আঙুলে ব্যথা পেয়েছেন। আর ব্যথা নিয়েই হ্যামিল্টনে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন সিরিজ চলাকালে চিকিৎসাও করবেন না। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যানের কাছে চোটাঘাত পাওয়াটা খেলার অবিচ্ছেদ্য অংশ, ‘আঙুল ভাঙলেই কী আর না ভাঙলেই কী, তাতেই কিছুই আসে যায় না। এসব ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আবার আঘাত না পেলে কিছুটা তো ভালো হওয়াই যায়।’
সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিনে উঠে আসা উইলিয়ামসন কাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন হ্যামিল্টনে অপরিবর্তিত দল নিয়েই খেলবে নিউজিল্যান্ড। এএফপি।