চোট পেয়ে ফিরে আসছেন তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদের দুর্ভাগ্যই বলতে হবে। একটু একটু করে চোট কাটিয়ে যখন মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন টেস্ট অভিষেকের, তখনই চোটে পড়লেন আবার! সেই চোট এমনই গুরুতর যে, ‘এ’ দলের হয়ে ভারত সফর অসমাপ্ত রেখে আজ সকালে ধরছেন দেশের বিমান।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল ভারত ‘এ’র বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু মাত্র ৫ ওভার বল করেই মাঠ ছাড়েন তাসকিন। শরীরের বাঁ পাশের পুরোনো ব্যথাটা যে ততক্ষণে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে! এই ব্যথাটাই তাঁকে আবারও ঠেলে দিল মাঠের বাইরে। তাসকিনের বিকল্প হিসেবে কাল বেঙ্গালুরু যাবেন স্ট্যান্ডবাই থাকা কামরুল ইসলাম। বরিশালের হয়ে জাতীয় লিগ খেলতে রাজশাহী চলে যাওয়া এই পেসারের আজই ঢাকায় ফেরার কথা।
দলের ম্যানেজার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ বেঙ্গালুরু থেকে মুঠোফোনে জানিয়েছেন, ‘ফিজিও ব্রেট হর্পের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী সফরের বাকি দুটি এক দিনের ম্যাচেও তাসকিনের পক্ষে খেলা সম্ভব হবে না। তিন দিনের ম্যাচের আগে যদি সুস্থ হয়ে ওঠেও সেখানে খেলাটাও ঝুঁকিপূর্ণ হবে। সে জন্যই ওকে ফেরত পাঠানো হচ্ছে।’ তাসকিনকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে সেটা কালই জানা না গেলেও টেস্ট অভিষেকটা সম্ভবত আরও পিছিয়ে যাচ্ছে তাঁর। ২০ বছর বয়সী এই তরুণকে ঢাকায় অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলানোর চিন্তা ছিল নির্বাচকদের। এই চোটে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল অনেকটাই। দেশে আসার পর শুরু হবে তাসকিনের চোট থেকে ফেরার লড়াই।
গত এক বছরে এ নিয়ে তৃতীয়বার একই সমস্যায় পড়লেন তাসকিন। গত বছরের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনের দেড় শ বছর পূর্তি ক্রিকেট খেলতে গিয়ে প্রথম চোট পান শরীরের বাঁ পাশে। এরপর গত জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজে আবারও পড়েন একই চোটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই ছিলেন না তাসকিন।