চোটে অনিশ্চিত রোহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটে অনিশ্চিত রোহিত শর্মা। ছবি: এএফপি।
চোটে অনিশ্চিত রোহিত শর্মা। ছবি: এএফপি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আমিরের ইয়র্কারে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। প্রাথমিকভাবে আঘাতটা হালকা মনে হলেও এই আঘাতই তাঁকে দর্শক বানিয়ে দিতে পারে এশিয়া কাপে ভারতের পরের ম্যাচটায়। রোহিত নাকি চোটের পর থেকে ঠিকমতো পা ফেলে হাঁটতে পারছেন না।

এই মুহূর্তে ভারতীয় দলে ধারাবাহিকতার প্রতিমূর্তি রোহিত। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচটাই তাঁর ব্যাটই ভারতকে এনে দিয়েছে দারুণ এক জয়। পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই মোহাম্মদ আমিরের বলে ফিরলেও তাঁর অনুপস্থিতি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলতে বাধ্য।

গতকাল রোববার সকালে রোহিতের আঙুলের একটা এক্স-রে করানো হয়েছে। সেখানে অবশ্য গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে তিনি কেন ঠিকমতো পা ফেলে হাঁটতে পারছেন না, সেটাই চিন্তায় ফেলেছে সবাইকে। ভারতীয় দল সূত্রে জানা গেছে, রোহিতকে আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফতুল্লায় অনুশীলনের সময় চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যদি রোহিতকেও হারাতে হয়, সেটা কিন্তু এশিয়া কাপের পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য বড় ধরনের এক সমস্যা হয়েই দেখা দেবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।