চোটে অনিশ্চিত সৌম্য
জিম্বাবুয়ে সিরিজে হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়লেন সৌম্য সরকার। গত পরশু অনুশীলনে বল করার সময় চোট পেয়েছেন বাঁ পাঁজরে। সেটাই কাল হয়ে দাঁড়াতে পারে তাঁর জন্য। বিকল্প হিসেবে তখন দলে আসতে পারেন এনামুল হক।
চোট পাওয়ায় সৌম্য গতকাল অনুশীলন করেননি। এমআরআই করিয়েছেন অ্যাপোলো হাসপাতালে গিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআইতে সমস্যা ধরা পড়েছে। তবে সৌম্য একবার একটু ব্যাটিং করে দেখতে চাচ্ছে।’ ব্যাটিংয়ের সময় ব্যথা সহনীয় পর্যায়ে থাকে কি না, দেখার আছে মূলত সেটাই। যদিও কাল পর্যন্ত সেই পরীক্ষামূলক ব্যাটিংটা করা হয়নি সৌম্যর।
চিকিৎসকেরা অবশ্য তাঁকে আপাতত ব্যাটিং না করার পরামর্শই দিয়ে রেখেছেন। এমনকি জিম্বাবুয়ে সিরিজও না খেলার পরামর্শ তাঁদের। ব্যাটিং করলে ব্যথা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে এবং জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, সৌম্য তখন মিস করতে পারেন বিপিএলও।
সৌম্যর চোট পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই একটু বিচলিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে আশাটা এখনই ছেড়ে দিচ্ছেন না, ‘আমি আশাবাদী ও খেলতে পারে। সৌম্য যেহেতু খেলার মধ্যেই ছিল, তার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’ তবে কাল বাদে পরশু থেকেই যেহেতু সিরিজ, সিদ্ধান্ত নেওয়ার সময় হাতে বেশি নেই। একটি সূত্রে তো জানা গেছে, সৌম্যর বিকল্প হিসেবে এনামুলকে দলে ডাকার কথাও ভাবতে শুরু করেছে নির্বাচক কমিটি। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ কালই সেটা বললেন না, ‘আমরা কাল (আজ) ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দেখতে যাব। সবাই থাকবে সেখানে। বিষয়টা নিয়ে তখনই আলাপ হবে।’