চোটের সঙ্গে ক্লার্কের লড়াই
চোটের সঙ্গে লড়াই করে ফিটনেস ফিরে পেতে সংগ্রাম করতে হচ্ছে। তবু অস্ট্রেলিয়ান নির্বাচকেরা তাঁকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ১২ সদস্যের দলে রেখেছিলেন। খেলোয়াড়টির নাম মাইকেল ক্লার্ক বলেই!
শেষ পর্যন্ত ডিসেম্বরের ৪ তারিখ ব্রিসবেনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ক্লার্কের না খেলার সম্ভাবনাই বেশি। শুক্রবার অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার কথা থাকলেও ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি।
প্রধান নির্বাচক রডনি মার্শ আগেই আভাস দিয়েছিলেন, বুধবারের মধ্যেই ক্লার্ককে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। তাতে উতরাতে পারলে অ্যাডিলেডের প্রস্তুতি ম্যাচে সুযোগ পেতেন ক্লার্ক। কিন্তু তার আগেই ক্লার্ক জানালেন, ‘আমি ম্যাচটি খেলতে পারছি না। দলের মেডিকেল টিম আমাকে “আনফিট” ঘোষণা করেছে।’ তাহলে প্রথম টেস্টে কি দলের বাইরেই থাকতে হচ্ছে ক্লার্ককে? ক্লার্ক সামনের একটি সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ চান। সেটিতে উত্তীর্ণ হতে পারলেই যেন তাঁকে টেস্ট দলে বিবেচনা করা হয়, ‘নির্বাচকেরা, সতীর্থরা, ক্রিকেট অস্ট্রেলিয়া—সবাই আমার অভিজ্ঞতায় আস্থা রেখে নিশ্চয়ই আমার মতামতকে বিবেচনা করবে।’
বাস্তবতা বলছে, প্রথম টেস্ট দলে ক্লার্কের খেলার সম্ভাবনা একেবারেই কম। পুনর্বাসন কর্মসূচির জন্য শেফিল্ড শিল্ডে খেলতে পারেননি, তাই ব্রিসবেন টেস্টের জন্য শুক্রবারের দুই দিনের প্রস্তুতি ম্যাচকেই পাখির চোখ করেছিলেন নির্বাচকেরা। কিন্তু সেটিতে ক্লার্ক খেলার সুযোগ পেতে ব্যর্থ হলেন। একটি সীমিত ওভারের ম্যাচে নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে টেস্ট দলে সুযোগ পাওয়াটা একটু কঠিনই! এএফপি, ক্রিকইনফো।