চোপড়াকে 'দুমুখো সাপ' বললেন শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার-যুদ্ধে জড়ালেন শ্রীশান্ত ও আকাশ চোপড়া। ছবি: ফাইল ছবি।
টুইটার-যুদ্ধে জড়ালেন শ্রীশান্ত ও আকাশ চোপড়া। ছবি: ফাইল ছবি।

টুইটার-যুদ্ধে নেমেছেন শান্তাকুমারন শ্রীশান্ত ও আকাশ চোপড়া। আইপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে জেল খাটা শ্রীশান্তের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরা নিয়েই এই টুইট-বিতর্কের শুরু। ভারতের হয়ে খুব বেশি না খেললেও ইদানীং টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন চোপড়া। এক টুইট বার্তায় তিনি স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শাস্তি পাওয়া ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর বিরোধিতা করেন। তারই জবাবে শ্রীশান্ত চোপড়াকে বলেন ‘দুমুখো সাপ’।

ক্রিকেটার হিসেবে চোপড়া শ্রীশান্তর চেয়ে সিনিয়র। টুইটার যুদ্ধে নেমে সিনিয়র-জুনিয়রের সেই বিভেদ ভোলেননি শ্রীশান্ত। চোপড়াকে ‘ভাই’ সম্বোধন করেও শ্রীশান্ত ক্ষোভের সঙ্গে বলেন, ‘চোপড়া ভাই সম্বোধনেরও যোগ্য নন।’
নিজের টুইটার-বার্তায় চোপড়া অবশ্য কারও নাম উল্লেখ না করে বলেছেন, ‘স্পট ফিক্সিংয়ের ব্যাপারে আমি একটু কঠোরই। স্পট-ফিক্সিং অপরাধীদের রেকর্ড মুছে দিয়ে নজির সৃষ্টি করা উচিত। এটি অবশ্য একান্তই আমার ব্যক্তিগত অভিমত।’
শ্রীশান্ত উত্তর দিয়েছেন, ‘আপনি কীভাবে এমন দ্বিমুখী চরিত্রের অধিকারী হন ভাই! আপনাকে আমি ভাই হিসেবে সম্বোধন করতেও লজ্জা পাচ্ছি। আপনি যা বলেছেন তা জেনে আমি সত্যিই দুঃখ পেয়েছি। আমি খেলবই খেলব।’
চোপড়া বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত মত। কারও নাম নিয়ে তিনি এসব বলেননি। এমনকি নিজের ভাইয়ের বেলাতেও তাঁর অবস্থান বদলাবেন না। নিজের অবস্থানে তিনি অটল।
এভাবে আরও কিছু টুইট-পাল্টা টুইট হয়েছে এ দুজনের মধ্যে। সব শেষে শ্রীশান্ত বলেছেন, ‘যেদিন আমি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব, সেদিন আমি আপনার ধারাভাষ্যের অপেক্ষায় থাকব। সেটি খুব শিগগিরই হতে যাচ্ছে।’
চোপড়া অবশ্য শ্রীশান্তের এই টুইটের প্রতি উত্তরে তাঁর প্রতি শুভ কামনাই জানিয়েছেন।
এদিকে চোপড়াকে ‘দ্বিমুখী’ চরিত্র বলে সাধারণের সমর্থনও পেয়েছেন শ্রীশান্ত। একজন টুইটারে লিখেছেন চোপড়া নাকি মোহাম্মদ আমিরের ফেরাকে সমর্থন করেছিলেন। এর উত্তরে চোপড়া বলেছেন, ‘আমি আমিরের ফেরা নয়, তার বোলিংয়ের প্রশংসা করেছিলাম। দুটি নিশ্চয়ই এক জিনিস নয়।’ সূত্র: টুইটার।