চোয়ালবাঁধা আমিনুল থেকে নির্ভীক তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু ইনিংস আছে, চোখে মায়াঞ্জন বুলিয়ে যায়। কিছু কিছু ইনিংসে থাকে ঝড়ের আভাস। কিছু ইনিংস হয়তো শিল্পিত নয়, নয় বোলারদের শাসন করার মতো দুর্বিনীত। কিন্তু পরিস্থিতির কারণে হয়ে থাকে স্মরণীয়।

আমার দেখা বাংলাদেশের সেরা সাত ম্যাচের কথা বলেছিলাম। বলেছি আমার দেখা বাংলাদেশের সেরা কিছু ইনিংসের কথাও। আজ তারই দ্বিতীয় পর্ব। আজ বলব, আমার দেখা সেরা কয়েকটি টেস্ট ইনিংসের কথা। ওয়ানডের তুলনায় টেস্টে আমাদের সাফল্য কম। তবে বলার মতো বহু ইনিংস রয়েছে, যেগুলো আশাবাদী করেছে, আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করেছে; আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছে সামনে।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় আমিনুল
অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় আমিনুল

অভিষেকেই প্রতিজ্ঞ আমিনুল
বাংলাদেশের প্রথম টেস্ট, স্বাভাবিকভাবেই এর গুরুত্ব অন্যরকম। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামল বাংলাদেশ। প্রথম দিনেই বাংলাদেশ দলের সাবলীল ব্যাটিং চমকে দিল সবাইকে। হাবিবুল বাশারের ৭১ ও আমিনুল ইসলামের অপরাজিত ৭০ রানের সুবাদে প্রথম দিনেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ২৩৯। পরের দিন আমিনুল ঢুকে পড়ল ইতিহাসের পাতায়। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারমান আর ’৯২ সালে জিম্বাবুয়ের ডেভ হটন নিজ দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরির যে কীর্তি গড়েছিলেন, সেই কীর্তির পুনরাবৃত্তি করল আমিনুল। তার ব্যাট থেকে এল ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস। মাত্র বছর দুয়েক প্রথম ​শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা সঙ্গী নিয়েই টেস্ট সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রায় নয় ঘণ্টা উইকেটে চোয়ালবাঁধা প্রতিজ্ঞায় প্রতিটা বল খেলা আমিনুলের ৩৮০ বলের ১৪৫ রানের ইনিংস ইনিংসটা অন্তত এই বিশ্বাস ছড়িয়ে দিল, বড় দৈর্ঘ্যের ম্যাচেও আমরা পারব।

ছোট্ট আশরাফুলের বড় কীর্তি
এত্তটুকুন এতটা ছেলে। তালপাতার সেপাই। ২০০১ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের টেস্টেও পাকিস্তানের তারকা খেলোয়াড়দের অটোগ্রাফ নেওয়ার জন্য ছোটাছুটি করেছে। ইনজামাম ওকে দেখে বলেছিল, ‘ইয়ে ছোটু কাঁহা সে আয়া।’ সেই ‘ছোটু’ পরের টেস্টেই গড়ে বসল বিশাল এক কীর্তি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সাতে নেমে ইনিংস সর্বোচ্চ ২৬ করেছিল আশরাফুল। এ কারণেই নাঈমুর পরের ইনিংসে নিজের বদলে ওকে পাঠাল আগে ব্যাট করতে। ২১২ বলে ১১৪ রানের মায়াবী এক ইনিংস খেলল আশরাফুল। অথচ তাঁর টেস্ট অভিষেক। মাত্র ১৭ বছর বয়সে সেঞ্চুরি করে দুটো বিশ্ব রেকর্ড গড়ল। অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি তো বটেই, অন্যান্য ম্যাচ ধরেও তাঁর চেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করতে পারেনি আর কেউ।

একটা কথা বলি। সে সময় মুরালির দুসরা ছিল দুর্বোধ্য। আর আশরাফুল সেই ম্যাচের পর সরল মনে বলেছিল, ‘আমি তো ওর অ্যাকশন দেখই বুঝতে পারছিলাম বলটা কেমন হবে!’ ভাবুন একবার! ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবুও ম্যাচ সেরা করা হয়েছিল আশরাফুলকে।

টেস্ট অভিষেকে অবিশ্বাস্য কীর্তি গড়ল আশরাফুল​
টেস্ট অভিষেকে অবিশ্বাস্য কীর্তি গড়ল আশরাফুল​


মনে পড়ে সেন্ট লুসিয়া
এখানে বলতে হতে তিনজনের কথা। ২০০৪ সালে মে মাসে সেন্ট লুসিয়া টেস্টে এক সঙ্গে জ্বলে উঠল হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট। প্রথম ব্যাট করে অধিনায়ক হাবিবুলের ১১৩ ও নয়ে নামা রফিকের ১১১ রানের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মাসুদের ১০৩ রানের কল্যাণে বাংলাদেশ ৯ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করল। বাংলাদেশের সেটাই প্রথম ইনিংস ঘোষণা, সেটাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লারা-চন্দরপল-সারওয়ানদের মতো তারকাসমৃদ্ধ একটা দলের বিপক্ষে, ভাবা যায়! তিনটি দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রকৃতির কোনো সহায়তা ছাড়াই বিদেশের মাটিতে ওই প্রথম বাংলাদেশ ড্র করল।
লড়ল আশরাফুল একাই

২০০৪ সালের ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে গৌতম গম্ভীর-রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৪০ রান করল ভারত। প্রতিপক্ষের বিরাট রানের পাহাড়ের জবাব দিল মোহাম্মদ আশরাফুল একাই। ১৯৪ বলে অপরাজিত ১৫৮ রানের যে ইনিংসটা এল তার ব্যাট থেকে, এক কথাই দুর্দান্ত। অনিল কুম্বলে, জহির খান, ইরফান পাঠানদের যেভাবে আছড়ে ফেলছিল আশরাফুল, চোখে লেগে আছে আজও। আশরাফুলের বীরত্বগাথার পরও বাংলাদেশ ফলোঅনে পড়ল। প্রথম ইনিংসে অলআউট হলো ৩৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১২৪ রানে। বাংলাদেশ হারল ইনিংস ৮৩ রানে। তবে অসাধারণ এক ইনিংসে খেলে সব আলো নিজের দিকেই টেনে নিয়েছিল আশরাফুল। ম্যাচ সেরাও হয়েছিল সে।

ইংল্যান্ড সফরে রীতিমতো শাসন করেছে তামিম
ইংল্যান্ড সফরে রীতিমতো শাসন করেছে তামিম

লর্ডসের বোর্ডে লিখে দাও নাম!
পাঁচ বছর আগে এই সময়ে লর্ডসে তামিম ইকবাল করেছিল অনন্য এক অর্জন। সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অনার্স বোর্ডে নাম লেখাল। প্রথম ইনিংসে ৫৫ রানের পর দ্বিতীয় ইনিংসে করল ১০৩ রান। সেদিন সেঞ্চুরির পর তামিমের উদ্‌যাপনটাও ছিল দেখার মতো! ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টেও পেল সেঞ্চুরি। এখানে একটা কথা বলতে চাই, বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে লাভজনক নয় বলে ‘আরলি সামারে’ ডেকেছিল ইংল্যান্ড। এমনিতে ইংল্যান্ড আমাদের জন্য অচেনা কন্ডিশন। তার ওপর সেই সময়টা ছিল ক্রিকেট খেলার জন্য আরও কঠিন। কিন্তু তামিম নির্ভয়তার এক বার্তা দিয়েছিল ছড়িয়ে। মনে পড়ে, নাক উঁচু ইংলিশরাও হাত তালি​ দিয়ে বলে উঠেছিল, ‘ব্রাভো’!
এই না হলে অলরাউন্ডার!
২০১১ সালে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আল হাসানের ব্যাট থেকে এল ১৪৪ রানের অসাধারণ এক ইনিংস। বল হাতেও একই সাকিব, পাকিস্তানের প্রথম ইনিংসের ৬ উইকেট তার দখলে। ওই ম্যাচ বাংলাদেশ ৭ উইকেটে হারলেও বলার মতো একটা দিকই ছিল, সাকিবের অলরাউন্ডার নৈপুণ্য। সে ম্যাচের পরই তো টেস্টের এক নাম্বার অলরাউন্ডার হওয়ার প্রথম স্বাদ পেল সাকিব। তার নিজের মধ্যেও চলে এল বাড়তি এক আত্মবিশ্বাসের ঝলক।

গলে মুশফিকের ডাবল
২০১৩ সালের মার্চে গল টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলল ৫৭০ রান। ফিল্ডিং করে ক্লান্ত বাংলাদেশ এই রান পাহাড়ে চাপা পড়ে কিনা, এমনই কথা বলাবলি হচ্ছিল। কিন্তু বাংলাদেশ দিল দুর্দান্ত পাল্টা জবাব। করল ৬৩৮। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর করল ডাবল সেঞ্চুরি। সঙ্গে ছিল ১৯০ রানের আশরাফুলের আরেকটি দারুণ ইনিংস।

ছোট মুমিনুলের বড় ইনিংস

প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি মুশফিকের
প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি মুশফিকের


টেস্টে ধারাবাহিকতার প্রতিচ্ছবি হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে মুমিনুল। বলার মতো অনেক ইনিংসই আছে তার। তবে আমার দেখা সেরা ইনিংস ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান। ওই ম্যাচটি বাংলাদেশ ড্র করেছিল মূলত মুমিনুলের দারুণ ইনিংসটির সৌজন্যে।
তামিম-ইমরুলের যুগলবন্দী
পাকিস্তানকে এবার রীতিমতো শাসন করেছে বাংলাদেশ। তাতে তামিমের বড় অবদান। ওয়ানডের পর টেস্টেও সেই ফর্মটাকে টেনে নিয়ে ​গেছে তামিম। খুলনা টেস্টে ২০৬ রানের সেই কাব্যিক ইনিংসটা অনেক দিন জ্বল জ্বল করবে রেকর্ড বইয়ে। একই সঙ্গে ইমরুলকে নিয়ে গড়ল রেকর্ড জুটি। ১৫০ রানের ইনিংস খেলা ইমরুলকেও বাহাবা দিতে হবে। টেস্টে এত বড় জুটি, নিঃসন্দেহে বাংলাদেশের বিরাট অর্জন।
এ ছাড়া রাখতে হবে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে দশে নেমে আবুল হোসেনের সেঞ্চুরি, ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে কিউইদের বিপক্ষে সোহাগ গাজীর টেস্ট সেঞ্চুরি ও হ্যাটট্রিকের কথাও বলতে হবে। ভুললে চলবে না ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে শাহরিয়ার নাফীসের করা ১৩৮ রানের ইনিংসটিও।

পড়ুন সেরা ইনিংসের প্রথম পর্ব: