‘চেয়ারম্যান’ জ্যাক ক্রলির আসনটা পাকা হলো এবার

সাউদাম্পটন টেস্টে ডাবল সেঞ্চুরির পর জ্যাক ক্রলি।ছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এড স্মিথের সমালোচনা কম করে না ইংলিশ সংবাদমাধ্যম। ইংল্যান্ডের প্রধান নির্বাচক হওয়ার পর টেস্ট দল নিয়ে কত কী না করলেন তিনি। একবার টেস্ট দলে ওয়ানডের মানসিকতা টেনে আনতে চাইলেন। ওয়ানডেতে দলটা বিশ্বসেরা। সাদা বলে হলে লাল বলেও সেরা হবে, এই যুক্তিতে একরকম গোঁয়ার্তুমি করেই টেস্টে খেলিয়েছেন জেসন রয়, আদিল রশিদদের। বলার অপেক্ষা রাখে না, দুজনই ব্যর্থ হয়েছেন বাজে ভাবে।

বড় গোঁয়ার্তুমি করেছেন জস বাটলারকে নিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন বাটলার। টেস্টে উইকেটকিপার হিসেবে একদমই গড়পড়তা। গত দুই বছরে ব্যাটিং ফর্মও হারিয়ে বসেছিলেন। অথচ ইংল্যান্ডের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস। শ্রীলঙ্কায় সেঞ্চুরিও করেছিলেন তিনি। দ্বিতীয় সেরা উইকেটকিপার ব্যাটসম্যানের নাম নিতে গেলে আসবে জনি বেয়ারস্টোর নাম। তাঁর টেস্ট ক্যারিয়ার গলা টিপে মেরে একের পর এক সুযোগ দিয়ে যান বাটলারকে।

দলের সবাই তাঁকে চেয়ারম্যান ডাকে। সে নাকি ৫০ বছর বয়সী লোকের মতো আচরণ করে।
মাইকেল ভন, সাবেক ইংলিশ অধিনায়ক

ব্যাটিং দিয়ে নিজের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, এই যুক্তিতে উইকেটকিপার হিসেবে বিশ্বের সবচেয়ে পিচ্ছিল হাত বাটলারকে টেস্টে খেলিয়েই গিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এসে বাটলার অবশেষে রানে ফিরেছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ওল্ড ট্রাফোর্ডে। চলমান সাউদাম্পটন টেস্টে সেঞ্চুরি করেছেন। কিন্তু উইকেটকিপার হিসেবে বাটলারের সামর্থ্যে প্রশ্ন এখনো রয়ে গেছে।

গত অ্যাশেজের ব্যর্থতার পর এই ওয়ানডে মানসিকতার টেস্ট থেকে সরে এসেছে ইংল্যান্ড। টেস্ট খেলতে হবে টেস্টের মতো করে। এই তত্ত্ব বাস্তবায়নে দলে নেওয়া হয় ডম সিবলি, ওলি পোপদের। যারা কাউন্টি ক্রিকেটে সফল, চার দিনের ক্রিকেটে অভ্যস্ত ও দীর্ঘ সংস্করণের ক্রিকেট যাদের ধ্যানজ্ঞান। টেস্ট টেস্টের মতো খেলা শুরু করার পর সাফল্যও পেতে থাকে ইংল্যান্ড। যে যুগে ঘরের বাইরে টেস্ট সিরিজ জেতা খুবই কঠিন, সেই যুগে দক্ষিণ আফ্রিকা গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। ওই পোপ, সিবলিরাই বড় রান করেছেন সেই সফরে।

তবে স্মিথদের বড় জুয়ার নাম জ্যাক ক্রলি। ২২ বছর বয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র তিনটি সেঞ্চুরি। বড় ইনিংস খেলার সামর্থ্য আছে কিনা, সেই পরীক্ষাই হয়নি যথেষ্ট। তবু ক্রলিকে সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ৮ টেস্ট খেলে ফেলেন ক্রলি। কিন্তু সেঞ্চুরি পাননি। চাইলে সহজেই বাতিলের খাতায় ফেলে দেওয়া যেত কেন্ট কাউন্টির এই তরুণকে। কিন্তু ক্রলির মাঝে কী যেন দেখেছেন ইংল্যান্ডের প্রধান নির্বাচক। সে জন্যই সুযোগ দিয়ে গেছেন।

অবশেষে ফলও পেয়েছেন। সাউদাম্পটনে কী দুর্দান্ত ব্যাটিংটাই করলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৩ রানে অপরাজিত ছিলেন। স্পিন, সিম-সুইং বোলিং ও বাউন্সার—সবই সামাল দিচ্ছিলেন পাকা হাতে। দেখে মনে হয় না ২২ বছর বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটে অনভিজ্ঞ কেউ ব্যাট করছেন। সাউদাম্পটনে কাল এই তরুণের ব্যাটিং দেখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ক্রলির প্রশংসা করতে একটুও কার্পণ্য করলেন না তিনি। আর ক্রলিকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচকদেরও প্রশংসা করলেন, ‘সব ধরনের উইকেটে ব্যাটিং করার দক্ষতা তাঁর আছে। নির্বাচকদের প্রশংসা করতেই হয় তাঁকে সুযোগ দেওয়ার জন্য। তবে সবকিছুই কিন্তু তাঁর ওপর নির্ভর করবে। সে যেভাবে দায়িত্ব নিয়ে খেলল, সেটা এক কথায় অসাধারণ। কী পরিষ্কার মস্তিষ্ক নিয়ে খেলল সে!’

দলের ভেতরের কিছু গোপন তথ্যও দিয়ে দিলেন ভন। পরিণত মস্তিষ্কের জন্য ক্রলিকে নাকি ‘চেয়ারম্যান’ ডাকে ইংল্যান্ড দলের সদস্যরা, ‘মাত্র ২২ বছর বয়সী বাচ্চা কিন্তু তাঁকে খুবই পরিণত মনে হয়েছে। দল তাঁকে নিয়ে এটাই বলে। দলের সবাই তাঁকে চেয়ারম্যান ডাকে। সে নাকি ৫০ বছর বয়সী লোকের মতো আচরণ করে। সে নাকি দুনিয়ার সবকিছু সম্পর্ক জানে। আজ আমরা দেখলাম সে ব্যাটিংয়ের সবকিছু জানে।’

আরেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনকেও অবাক করেছে ক্রলির পরিণত ব্যাটিং। আজ দিনের খেলা শুরুতে তিনি বলছিলেন, ‘ক্রলিকে দেখে খুব ভালো লাগল। একদম নিখুঁত টেস্ট ম্যাচ ইনিংস খেলেছে সে। ব্যাটিং টেকনিক একদম টেস্টের জন্য আদর্শ। খুবই ভালো খেলেছে। আমাদের সবাইকে অবাক করেছে। আমরা জানতাম সে ভালো ক্রিকেটার। কিন্তু এত ভালো ক্রিকেটার জানতাম না।’

সাউদাম্পটন টেস্টের প্রথম দিনের হাইলাইটস দেখে নিন: