চোট ছিটকে দিল রুবেলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল হোসেন
রুবেল হোসেন

লম্বা সিরিজের শেষ দিকে অনেক সময়ই চোটাঘাতের ধাক্কা লাগে। সেটাই বুঝি লাগল বাংলাদেশ দলের গায়ে! সিরিজের শেষ টেস্টের আগে একসঙ্গে চোটাক্রান্ত বাংলাদেশ দলের তিন ক্রিকেটার—মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও রুবেল হোসেন। এঁদের মধ্যে পেসার রুবেল কাল সিরিজ থেকেই ছিটকে গেছেন। তাঁর জায়গায় ঢাকা টেস্টের দলে নেওয়া হয়েছে আরেক পেসার আবুল হাসানকে।
খুলনা টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় শরীরের এক পাশে ব্যথা অনুভব করেন রুবেল। কাল সে জায়গার স্ক্যান করা হলে ধরা পড়ে সমস্যা। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, ‘শরীরের বাঁ দিকে গ্রেড-১ পর্যায়ের ব্যথা আছে তাঁর। এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। কয়েক দিনের মধ্যেই রুবেলের পুনর্বাসন-প্রক্রিয়া শুরু হবে।’
মুশফিক-তামিমের ব্যথাও প্রথম টেস্ট থেকেই। খুলনায় প্রথম ইনিংসে মুশফিক ক্যাচ ধরতে গিয়ে চোট পান ডান হাতের অনামিকায়। পুরো ম্যাচেই আর পরে কিপিং করতে পারেননি। তবে ব্যাটিং করতে নেমেছিলেন দ্বিতীয় ইনিংসে। আর তামিম পায়ে চোট পান জুনাইদ খানের ইয়র্কারে। সেই থেকে তামিমের ডান পায়ের আঘাতপ্রাপ্ত স্থান আর মুশফিকের ডান হাতের অনামিকায় টেপ বাঁধা।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী অবশ্য জানিয়েছেন, মুশফিকের অবস্থা এখন অনেকটাই ভালো, ‘ওর ব্যাটিং করতে সমস্যা হওয়ার কথা নয়। তবে মুশফিককে কিপিং থেকে যতটুকু সম্ভব বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ বাংলাদেশ দলের একটি সূত্রও আভাস দিয়েছে, দ্বিতীয় টেস্টে মুশফিক শুধু একজন ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন। সে ক্ষেত্রে কিপিংয়ের অভিজ্ঞতা থাকায় ঢাকায় কাল টেস্ট অভিষেক হয়ে যেতে পারে লিটন দাসের। তাঁকে জায়গা ছেড়ে দিতে দলের বাইরে চলে যেতে পারেন শুভাগত হোম চৌধুরী।
তামিমের চোট নিয়ে অবশ্য খোলামেলা কথা বলতে রাজি হননি কেউই। দেবাশিস চৌধুরী ‘ওর অবস্থা আগের চেয়ে ভালো’ বললেও তাতে চিত্রটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। অন্য একটি সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টে খুব সামান্য হলেও সংশয় আছে তামিমের খেলা নিয়েও। প্রথম টেস্টের পর যেহেতু তামিমকেই বেশি ভয় পাওয়ার কথা পাকিস্তান দলের, তাঁর চোটসংক্রান্ত কোনো তথ্য দিতে চাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে প্রতিপক্ষকে যতটা সম্ভব অন্ধকারেই তো রাখা ভালো!