চোট পাওয়া সৌরভকে জোর করে ব্যাটিং করিয়েছেন চ্যাপেল
☼ গ্রেগ চ্যাপেলের সঙ্গে তিক্ততা নিয়ে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলী।
☼ চোট থাকা সত্ত্বেও সৌরভকে জোর করে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন চ্যাপেল।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর কোচ গ্রেগ চ্যাপেলের দ্বন্দ্ব এখনো ক্রিকেটপ্রেমীদের আলোচনার খোরাক। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুজনের সম্পর্কের বরফ এখনো গলেনি। সম্প্রতি বোরিয়া মজুমদারের ‘ইলেভেন গডস অ্যান্ড এ বিলিয়ন ইন্ডিয়ানস’ বইয়ে ভারতের তখনকার কোচ চ্যাপেলের সঙ্গে তিক্ততা নিয়ে খোলাখুলি বলেছেন গাঙ্গুলী।
সেই বইয়ে ভারতের সাবেক অধিনায়কের ভাষ্য, ‘২০০৫ সালের জিম্বাবুয়ে টেস্টের আগে সন্ধ্যায় আমার কাছে দল নিয়ে আসে গ্রেগ, যে দলটাকে সে টেস্টে খেলাতে চায়। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেই একাদশে ছিল না। আমি খুব অবাক হয়েছিলাম এটা ভেবে, উনি ঠিক কী করতে চাইছেন?’
ঘটনাটা ২০০৫ সালের সেপ্টেম্বরে। এর আগের ছয় মাস স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ ছিলেন গাঙ্গুলী। তখন ভারতের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। গ্রেগ চ্যাপেলের অধীনে সেটাই ছিল সৌরভের প্রথম ম্যাচ।
‘প্রিন্স অব ক্যালকাটা’–খ্যাত সৌরভ সেই সময় প্রসঙ্গে বলেছেন, ‘আমার আগে থেকেই মনে হয়েছে কিছু একটা ঝামেলা হচ্ছে এই সফরে। বুঝতে পারছিলাম না। আমার মনে হয়, গ্রেগের আশপাশের মানুষ তাকে বলেছিল যে ভারতীয় দলকে সে যেভাবে সামলাতে চায়, সেটা আমি থাকলে সম্ভব নয়।’
চ্যাপেলের সেই একাদশকে সৌরভ পত্রপাঠ না করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান চ্যাপেলকে সৌরভ বলেছিলেন, ‘ওঁরা ভারতীয় দলের জন্য কী করেছে, তা আপনি এই তিন মাসে বুঝতে পারেননি। আরও সময় লাগবে। কিন্তু তাঁর উদ্দেশ্য ছিল পরিষ্কার। তাঁর মতো করে দল সাজাতে চেয়েছিলেন এবং সেটা যত দ্রুত সম্ভব।’
৮৭ টেস্ট খেলা চ্যাপেল সেই টেস্টে সৌরভকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন চোট থাকা সত্ত্বেও। এ নিয়ে সৌরভের ভাষ্য, ‘আমি যখন রিটায়ার হার্ট হয়ে ফেরত আসি, তখন উনি (চ্যাপেল) ড্রেসিংরুমে ছিলেন না। আসার পর যখন চোটের কথা বলি, পাত্তা দেননি। জোর দিয়ে ব্যাটিংয়ে যেতে বলেছিলেন। আমি বলেছিলাম, খুব একটা ফর্মে নেই আর ম্যাচটা হাতছাড়া করতে চাই না।’ সৌরভের এ ঘটনার সত্যতা মিলেছে চ্যাপেলের ফাঁস হওয়া মেইলে।
কোচের সেই জোর করে মাঠে পাঠানোর জবাবটা মাঠেই দিয়েছিলেন ওয়ানডে-টেস্ট মিলিয়ে ১৮ হাজার রানের মালিক সৌরভ। মাটি কামড়ে পরে ৬ ঘণ্টায় ১০১ রান করে ড্রেসিং রুমে ফিরেছিলেন। তারপরের ঘটনা প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘ড্রেসিং রুমে ফেরার পর যখন হাতে আইসব্যাগ লাগাচ্ছি, সে এসে আমার ব্যথা সম্পর্কে জিজ্ঞাসা করল। বলেছিলাম, এটা বাদ দিন। আমি ভারতের হয়ে আমার দায়িত্ব পালন করে এসেছি।’
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চ্যালেঞ্জার কাপের পরের ঘটনা নিয়েও কথা বলেছেন ৪৫ বছর বয়সী সৌরভ। সেই টুর্নামেন্ট থেকেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার উপাখ্যান শুরু। হাতের চোট নিয়ে চ্যাপেলকে সৌরভ জিজ্ঞেস করেছিলেন, ‘কেন আমি দলের বাইরে? আপনি চাইলে ফিটনেস পরীক্ষা দিয়ে দলে ফিরতে রাজি।’ চ্যাপেল জবাবে যা বলেছিলেন, সে প্রসঙ্গে ভারতের সাবেক ওপেনারের ভাষ্য, ‘সে বলেছিল, “তুমি চ্যালেঞ্জার সিরিজে ছিলে না আর তোমার ফিটনেস নিয়েও সন্দিহান।” কিন্তু অবাক করা বিষয় হলো, আমি গত কয়েক বছরে সবার চেয়ে ভালো ফর্মে ছিলাম। তখনই প্রথমবারের মনে হলো আমাকে গ্রেগ বাদ দিতে চাইছে।’