চোটে জর্জরিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ছেন ব্যাটসম্যান! ক্রিকেট মাঠে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে ইমরুল কায়েস পায়ে এমনই চোট পেলেন যে, এভাবেই মাঠ ছাড়তে হলো তাঁকে। কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে l এএফপি
স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ছেন ব্যাটসম্যান! ক্রিকেট মাঠে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে ইমরুল কায়েস পায়ে এমনই চোট পেলেন যে, এভাবেই মাঠ ছাড়তে হলো তাঁকে। কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে l এএফপি

হাসপাতাল থেকে হোটেলে ফিরে গাড়ি থেকে নামলেন ক্রাচে ভর দিয়ে। বাঁ পা ঠিকভাবে মাটিতে ছোঁয়াতে পারছিলেন না। পা-টা ঝুলিয়ে রেখে লাফিয়ে লাফিয়েই এগোচ্ছিলেন লিফটের দিকে। দ্রুত পায়ে এসে মুশফিকুর রহিম ধরলেন তাঁকে।

ইমরুল কায়েসের চোট নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রমবর্ধমান চোটাঘাতের তালিকায় সর্বশেষ সংযোজন। তবে আশার কথা, কাল মাঠ থেকে গিয়ে করানো এক্স-রেতে তাঁর বাঁ ঊরুতে কোনো সমস্যা ধরা পড়েনি। ব্যথাও রাতের দিকে কিছুটা কমে এসেছে। তারপরও পুরোপুরি নিশ্চিত হতে আজ আলট্রাসাউন্ড টেস্ট করানো হবে চোটের জায়গায়।

দীর্ঘ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে চোট। মোস্তাফিজুর রহমানকে তো বিশ্রাম দিয়েও পুরো সিরিজে খেলানো যায়নি। প্রথম টেস্টের স্কোয়াডেও ছিলেন না। নেই কাল ঘোষিত দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও। অবশ্য ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য প্রথম টেস্টের দলটাই রেখে দিয়েছে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি।

মোস্তাফিজ দলের সঙ্গে থেকেও নেই। মাশরাফি বিন মুর্তজা শেষ টি-টোয়েন্টিতে হাত ফাটিয়ে নিউজিল্যান্ড ছেড়েছেন। একই ম্যাচে চোট পেয়েছিলেন তামিম ইকবাল আর ইমরুল কায়েসও। এর আগে মুশফিকুর রহিমও প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খেলতে পারেননি পরের সিরিজের বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টিতেও ছিলেন মাঠের বাইরে।

মুশফিক, ইমরুল দুজনই সফরে দ্বিতীয়বারের মতো চোটে পড়েছেন ওয়েলিংটন টেস্টে।

প্রথম ইনিংসে আঙুলে চোট পেয়েছেন মুশফিক। কাল সকালে নেটে ব্যাট করে খুব বেশি সমস্যা বোধ না করায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত তিনি। বিকেলে প্যাড পরেই বসেছিলেন ড্রেসিংরুমে। তবে উইকেটকিপিং করতে পারবেন কি না, সেটি তখনো নিশ্চিত করে বলা যাচ্ছিল না। বাংলাদেশ দল অবশ্য আশাবাদী, শেষ দিনে তাদের আর ফিল্ডিং করতে হবে না। ব্যাটসম্যানরাই পার করে দিয়ে আসবেন সময়।

মুশফিকের সুখবর শোনার আগেই চোটে পড়েন ইমরুল। দ্বিতীয় ইনিংসে তামিমের সঙ্গে একটি রান শেষ করতে গিয়ে ডাইভ দিয়েছিলেন। বাঁ ঊরুতে চোটটা পান তখনই। সিরিজে এখনো একটি টেস্ট বাকি। এরপর দেশে ফেরার কদিন পরই ভারত সফর। তার আগে একটার পর একটা চোটের সংবাদ যেন অশুভ বার্তাই দিচ্ছে। কাল পর্যন্ত যা পরিস্থিতি, তাতে নিউজিল্যান্ড থেকে সম্ভবত অনেকেই পুরো ফিটনেস নিয়ে ফিরতে পারছেন না দেশে।