চোটের কবলে কামিন্স
দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় ম্যাচে জায়গা পেয়ে ২ উইকেট নিয়েছেন ৩৮ রানে। তাঁর বলেই ছয় মেরে নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন কেন উইলিয়ামসন। মনের এই ‘চোট’ কত দিনে সারবে, সে তিনিই জানেন। তবে এই বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম বোলার শারীরিক চোটও পেয়েছেন, পাঁজরে। মাইকেল ক্লার্ক, জেমস ফকনারের পর অস্ট্রেলিয়া দলের চোটের মিছিলে এবার শামিল তিনিও। অবশ্য চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র। স্ক্যানেও তেমন কিছু ধরা পড়েনি। এখন তাঁর অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকেরা। আগামীকাল আফগানিস্তানের সঙ্গে ম্যাচের আগে চোট কাটিয়ে উঠতে না পারলে জশ হ্যাজলউডই নিতে পারেন কামিন্সের জায়গা। এদিকে চোটগ্রস্ত পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনারও ফেরার অপেক্ষায়। কালকের অনুশীলনে কোনো বিপত্তি না ঘটলে আফগানদের বিপক্ষে ফকনারের খেলাটা প্রায় নিশ্চিতই। রয়টার্স।