চ্যাপেল-হ্যাডলি ট্রফি কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের জন্য দিনটা এর চেয়ে আনন্দের হতে পারত কি?
দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে নাথান অ্যাস্টলকে ছুঁয়েছেন রস টেলর। ট্রেন্ট বোল্ট করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং। ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে কিউইদের চ্যাপেল-হ্যাডলি ট্রফি ফিরে পাওয়া, ওয়ানডে র্যা ঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসা, দেশের মাটিতে টানা আটটি দ্বিপাক্ষিক সিরিজ জয়। এক দিনে এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে!
হ্যামিল্টনের সেডন পার্কে কাল জয়টাও এসেছে এত দারুণভাবে। দর্শকদের পয়সা উশুল! ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করে টেলর বসে পড়েছেন নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির মালিক অ্যাস্টলের পাশে। চার নম্বরে ব্যাট করতে নেমে এটা টেলরের ১৪তম সেঞ্চুরি। ওয়ানডেতে এই পজিশনে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি নেই অন্য কারও। সমান ১৪টি সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের। টেলরের সেঞ্চুরির সঙ্গে ওপেনার ডিন ব্রাউনলির হাফ সেঞ্চুরি মিলিয়ে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রান ৯ উইকেটে ২৮১। ৪৪ বলে হাফ সেঞ্চুরি করা টেলরের সেঞ্চুরি এসেছে ৯৬ বলে। শেষ পর্যন্ত ফিরেছেন ১০১ বলে ১৩টি চারে ১০৭ রান করে।
তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের ৫৬ ও ট্র্যাভিস হেডের ৫৩ রানে একসময় ৪ উইকেটে ১৭৩ ছিল অস্ট্রেলিয়ার। তবে দুবার ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। অষ্টম উইকেটে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ৫১ রানের জুটি গড়ে আশা জাগালেও জয় এনে দিতে পারেননি। ২৫৭ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বোল্ট। ওয়ানডেতে তাঁর আগের সেরা বোলিং ছিল ৫/২৭, এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ২০১৫ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য বোল্টের দুর্দান্ত বোলিং আর টেলরের সেঞ্চুরি—দুটি নিয়েই উচ্ছ্বসিত, ‘বিশেষ করে টেলরের সেঞ্চুরিটা তো অসাধারণ ছিল। ও খুবই কম ডট বল দিয়েছে। পরে বল হাতে কাজটা সহজ করে দিয়েছে বোল্ট।’
ব্যাটসম্যানদের কেউ বড় ইনিংস খেলতে না পারাটাকেই হারের কারণ মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘এ রকম ম্যাচ শুধু একটি-দুটি ফিফটি দিয়ে জেতা যায় না। ওদের রস টেলরকে দেখুন, কী দারুণ সেঞ্চুরি করেছে। আমাদের কাউকে এ রকম একটা ইনিংস খেলতে হতো।’ ক্রিকইনফো, রয়টার্স।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮১/৯ (টেলর ১০৭, ব্রাউনলি ৬৩, স্যান্টনার ৩৮*, উইলিয়ামসন ৩৭; ফকনার ৩/৫৯, স্টার্ক ৩/৬৩, হ্যাজলউড ২/৪৪, কামিন্স ১/৪৭)
অস্ট্রেলিয়া: ৪৭ ওভারে ২৫৭ (ফিঞ্চ ৫৬, হেড ৫৩, স্টয়নিস ৪২, স্টার্ক ২৯*, মার্শ ২২; বোল্ট ৬/৩৩, স্যান্টনার ২/৫০, উইলিয়ামসন ১/৪৪)
ফল: নিউজিল্যান্ড ২৪ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট