চ্যাপেলকে কথা শুনিয়ে দিয়েছিলেন টেন্ডুলকার
‘নিখাদ এক কূটনীতিক’—ক্যারিয়ারজুড়ে এমন পরিচয়ই ছিল শচীন টেন্ডুলকারের। সব সময় ধীরস্থির, কখনো কাউকে আঘাত করে কিছু বলেননি। তবে কড়া কথাও দু-একজনকে বলেছেন। সেটি বাইরে আসেনি। ইয়ান চ্যাপেলকে যেমন খুব কড়া কথা বলেছিলেন একবার টেন্ডুলকার। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে টেন্ডুলকার মুখের ওপর বলে দিয়েছিলেন, তাঁর ভাইয়ের (গ্রেগ) কারণেই ৫ বছর পিছিয়ে গেছে ভারতীয় ক্রিকেট!
ঘটনাটি পাঁচ বছর আগের। এত দিন পর সেটিকে আলোচনায় এনেছে ছোট্ট একটি ভিডিওচিত্র। আননোন শচীন’স টেপস শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি পরশু প্রদর্শিত হয়েছে দিল্লির টাইমস লিট ফেস্টে। ‘অচেনা’ টেন্ডুলকারের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয়েছে ভিডিওচিত্রটি। এই ভিডিওতেই উঠে এসেছে, কীভাবে চ্যাপেলদের দুই ভাইকে কড়া জবাব দিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ঘটনাটির বর্ণনা অবশ্য তাঁর আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়েতেও আছে।
২০১০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টের আগে জিমে টেন্ডুলকারের সঙ্গে দেখা হয় ইয়ান চ্যাপেলের। টেন্ডুলকারকে দেখেই চ্যাপেল বললেন, ‘আচ্ছা, তাহলে এটাই তোমার সাফল্যের রহস্য!’ এর বছর তিনেক আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এই ইয়ান চ্যাপেলই নিজের লেখা এক কলামে টেন্ডুলকারকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘নিজের আয়নার দিকে তাকাও, তুমি এখন তোমার অতীতের ছায়া।’
ডারবানে সেদিন বড় চ্যাপেলকে ছেড়ে কথা বলেননি টেন্ডুলকার। মুখের ওপরই বলে দেন, ‘তোমরা কত সহজেই না সুর বদলে ফেলো!’ আর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বলেন, ‘তোমার ভাই-ই (গ্রেগ চ্যাপেল) তো সব সমস্যার মূলে। তাঁর কারণে ভারতীয় ক্রিকেট অন্তত ৫ বছর পিছিয়ে গেছে।’
২০০৫ সালের মে থেকে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। ওই সময়টাকে ভারতের ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকেই বলেন ‘কালো অধ্যায়’। সে সময়ের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিবাদ, টেন্ডুলকারসহ অন্য অনেক খেলোয়াড়ের সঙ্গে কৌশল বা পারস্পরিক সম্পর্ক নিয়ে মনোমালিন্য মিলিয়ে ভজকট অবস্থা ছিল চ্যাপেল-যুগের ভারতের। টাইমস অব ইন্ডিয়া।