চ্যাপেলকে মিসবাহর জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট মারলে পাটকেল খাওয়ার ঝুঁকি যে থাকেই, ইয়ান চ্যাপেলের নিশ্চয়ই তা অজানা নয়। ইয়ান চ্যাপেলকে এখন সেই পাটকেলই খেতে হলো! মিসবাহ-উল-হক আর পাকিস্তানকে সমালোচনার তীক্ষ্ণ তিরে বিঁধেছিলেন ‘বড়’ চ্যাপেল।
ক্রিকেট অস্ট্রেলিয়ায় লেখা এক কলামে মিসবাহ চ্যাপেলের এই সমালোচনাকে উল্লেখ করেছেন অপ্রত্যাশিত। চ্যাপেলের মতো একজন সাবেক ক্রিকেটারের কাছ থেকে যা তিনি আশাই করেননি।
চলতি অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজটা ৩-০-তে হেরেছে পাকিস্তান। এ নিয়ে অস্ট্রেলিয়ায় টানা ১২ টেস্ট হারল তারা। পাকিস্তান এবার সিরিজের শেষ টেস্ট হারার পর তাদের একেবারে ধুয়ে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফরে আমন্ত্রণ পাওয়ার যোগ্য কি না, প্রশ্ন পর্যন্ত তুলেছেন। ‘খাঁটি অস্ট্রেলীয় ভাষা’য় চ্যাপেল বলে দেন, ‘কাউকে না কাউকে তো ওদের পশ্চাদ্দেশে কষে লাথি মারতেই হবে।’ মিসবাহর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে চ্যাপেলকে এশিয়া সফরে অস্ট্রেলিয়ার বারবার ব্যর্থ হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন মিসবাহ, ‘সাম্প্রতিক সফরগুলোয় অস্ট্রেলিয়াও হেরেছে। শ্রীলঙ্কায় তারা সবগুলো ম্যাচ হেরেছে। যে দলটিতে মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারা নেই। তাদের কিছু খেলোয়াড়ের তো ১০টি টেস্ট খেলার অভিজ্ঞতাও নেই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০-তে হেরেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে আর ভারত থেকে ‘হোয়াইটওয়াশ’ হয়ে ফিরতে হয় তাদের। এগুলো মনে করিয়ে দিয়ে চ্যাপেলকে একটি পাল্টা প্রশ্ন করেছেন মিসবাহ, ‘আমরা যদি চ্যাপেলের মন্তব্য অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি এই বোঝায় যে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে উপমহাদেশে হোয়াইটওয়াশ হতে থাকলে তাদের আর এখানে সফর করা উচিত নয়? অস্ট্রেলিয়া যদি এশিয়া সফর না করে আর এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ায় না যায় তাহলে উন্নতি কীভাবে হবে?’ ক্রিকেট অস্ট্রেলিয়া।