চ্যাপেলের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বাজারে এসেছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। এর আগে সংবাদমাধ্যমে বইয়ের যতটুকু এসেছে, তাতেই শুরু হয়ে গেছে বাগ্যুদ্ধ। টেন্ডুলকার ‘বোমা’ ফাটিয়েছেন, ২০০৭ বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে তাঁর হাতে তুলে দেওয়ার প্রস্তাব করেছিলেন চ্যাপেল! প্রত্যুত্তরে চ্যাপেল বলছেন, এমন কোনো চিন্তা কখনোই তাঁর মাথায় আসেনি!
২০০৫-২০০৭—ভারতের কোচ হিসেবে এই দুই বছর দায়িত্ব পালন করেছেন গ্রেগ চ্যাপেল। এই মেয়াদকালটা অনেক বিতর্কেই মোড়া ছিল। এতে তাঁর বিরুদ্ধে টেন্ডুলকারদের অভিযোগের ফর্দটা লম্বাই হওয়া স্বাভাবিক। শুরু থেকেই ‘সিনিয়র হটাও’ নীতিতে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন, ভারতীয় ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছেন, ড্রেসিংরুমে গৃহবিবাদ বাধিয়েছেন। বরাবরই এসব অস্বীকার করে আসা চ্যাপেল টেন্ডুলকারের এই অভিযোগটিও অস্বীকার করেছেন, ‘শচীনের বইয়ে আমার সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা নজরে এসেছে। আমি কথার লড়াইয়ে অংশ নিতে চাই না। শুধু পরিষ্কারভাবে বলতে চাই, ভারতীয় দলের কোচ থাকার সময় দ্রাবিড়ের জায়গায় শচীনকে অধিনায়ক করার কোনো ভাবনা আমার ছিল না। বইয়ে যে দাবি করা হয়েছে, তাতে আমি বিস্মিত।’
চ্যাপেল বলেছেন, বইয়ে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তার চেয়ে অন্তত ১২ মাস আগে তিনি টেন্ডুলকারের বাড়িতে গিয়েছিলেন মূলত চোট থেকে টেন্ডুলকারের সেরে ওঠার পুনর্বাসন-প্রক্রিয়া দেখতে। সঙ্গে ছিলেন দলের ফিজিও এবং সহকারী কোচ। সেখানে অধিনায়কত্ব নিয়ে টেন্ডুলকারের সঙ্গে তাঁর কোনো কথাই নাকি হয়নি! এএফপি, এনডিটিভি স্পোর্টস।
‘লিটল জিনিয়াসে’র বইয়ে আরেকটি চাঞ্চল্যকর তথ্য, চ্যাপেল ভিভিএস লক্ষ্মণের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন! লক্ষ্মণ তথ্যটিকে সমর্থন করেই বলেছেন, ওপেনার হিসেবে খেলতে রাজি না হওয়ায় ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লক্ষ্মণের কণ্ঠেও সতীর্থের লেখনীর অনুরণন, ‘আমার মনে হয় ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত সময়টা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বাজে সময়। চ্যাপেল ভারতীয় ক্রিকেটকে পেছনের দিকেই ঠেলে দিয়েছিলেন।’