চ্যাপেলের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ

সুযোগটা পাকেচক্রেই পেয়ে গেছেন স্টিভেন স্মিথ। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ব্র্যাড হাডিনই টস করতে পারতেন ব্রিসবেন টেস্টে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে নির্বাচকেরা বেছে নিয়েছেন স্মিথকে। কিম হিউজের পর ২৫ বছর বয়সী স্মিথ অস্ট্রেলিয়ার কনিষ্ঠতম অধিনায়ক, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। প্রথম পরীক্ষায় কেমন করেছেন সেটা বলার সময় এখনো আসেনি, তবে ইয়ান চ্যাপেলকে কিন্তু এর মধ্যেই মুগ্ধ করে ফেলেছেন স্মিথ। এতটাই যে, চ্যাপেল ভাইদের বড়জন মনে করছেন ক্লার্ক ফিরলেও স্মিথকে রেখে দেওয়া যেতে পারে।
অস্ত্রোপচারের পর ক্লার্ক কবে ফিরবেন সেটা বলা মুশকিল। তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ঝুলে আছে সুতোর ওপর। বিশ্বকাপের পর জুনে অস্ট্রেলিয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চ্যানেল নাইনকে চ্যাপেল সেটা মনে করিয়ে দিয়েছেন, ‘মাইকেল ক্লার্ক হয়তো ক্যারিবিয়ানে নাও যেতে পারে। সে (স্মিথ) বেশ কিছুদিনের জন্য অধিনায়ক থাকবে। আর সে যদি ভালো করে আমার মনে হয় না ক্লার্ককে তখন অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া উচিত।’ ২০১১ বিশ্বকাপের পর রিকি পন্টিং অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ক্লার্কের অধীনেই খেলেছেন। চোটের সঙ্গে ক্রমাগত যুঝতে থাকায় ক্লার্কের জন্যও চ্যাপেল একই উপায় বাতলে দিচ্ছেন। সিডনি মর্নিং হেরাল্ড।