চ্যাপেলের ডালমিয়া-স্মরণ
জগমোহন ডালমিয়ার প্রয়াণে ভারতীয় ক্রিকেট তো বটেই, গোটা ক্রিকেট-বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই জানাচ্ছেন শেষশ্রদ্ধা, স্মৃতিচারণাও হচ্ছে। সেই দলে এবার যোগ দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলও। ইতিহাস ডালমিয়াকে ভালোভাবেই স্মরণ করবে বলেই মনে করেন চ্যাপেল ভাইদের বড়জন।
ডালমিয়া যখন ক্রিকেট প্রশাসক হিসেবে দৃশ্যপটে এসেছেন, চ্যাপেল তার অনেক আগেই খেলা ছেড়েছেন। তবে ধারাভাষ্যকার-বিশ্লেষক হিসেবেই ডালমিয়া-যুগের সাক্ষী ছিলেন। স্বভাবসুলভ ‘চ্যাপেলীয়’ ভঙ্গিতে তাঁর বিশ্লেষণ, ‘আমার কাছে জগু (ডালমিয়া) ছিলেন বিরলতম প্রশাসকদের একজন। কারণ তিনি সাবেক খেলোয়াড়দের মতামত শুনতে সব সময়ই আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। আমার মনে হয়েছে, কখনো কখনো প্রশাসনের বিভিন্ন দুরূহ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সাবেকদের আরও অংশগ্রহণ চেয়েছেন।’
একটা সময় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কাছে কুক্ষিগত ক্রিকেটে উপমহাদেশীয় বলয়টা শক্তিশালী করার কাজটা ডালমিয়াই শুরু করেছিলেন। সেই হিসেবে চ্যাপেলের বিশ্লেষণ তাই বাড়তি মনোযোগ দাবি করে, ‘যখন ইংলিশ ও অস্ট্রেলিয়ার প্রশাসকদের ইচ্ছামতোই সব হতো, তখন ডালমিয়া নিজের জায়গা থেকে সরেননি। এ কারণে এই দুই মহল থেকে তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। কারণ তিনি তাদের সামনে নতি স্বীকার করেননি।’
ডালমিয়ার আইসিসি সভাপতি থাকার সময়েই এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল। যেটিকে তিনি দেখেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা মহড়া হিসেবে। ডালমিয়া আরও কিছুদিন থাকলে সেটি হতো বলেই মনে করেন চ্যাপেল, ‘জগু আইসিসি সভাপতি হিসেবে আরও কিছুদিন থাকলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও দেখা যেত। আমার মনে হয় ইতিহাস তাঁকে শ্রদ্ধাভরেই মনে রাখবে। অর্থের দিকটাই শুধু ভালো বুঝতেন না, খেলাটার প্রতিও দরদ ছিল তাঁর। বেশ কিছু দারুণ ভাবনাও ছিল। ক্রিকেটের প্রসারে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাবেকদের একসঙ্গে কাজে লাগানোর ব্যাপারেও আগ্রহী ছিলেন। ডালমিয়ার বিদায়ের পর এসব ভাবনা যেন হারিয়েই গেল।’
ডালমিয়ার সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিটাও এখনো মনে গেঁথে আছে চ্যাপেলের। ১৯৯৬ বিশ্বকাপের আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপকে আবাহন জানিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। সাবেক অধিনায়ক হিসেবে আমন্ত্রিত চ্যাপেলের সেই উপলক্ষেই ডালমিয়ার সঙ্গে প্রথম দেখা। গ্যালারি ছিল টইটম্বুর। অনুষ্ঠানের একটা পর্বে স্টেডিয়ামে একটা মোটর শোভাযাত্রা ছিল। ডালমিয়ার অনুরোধেই সেটিতে শরিক হন চ্যাপেল। চ্যাপেল একটু দ্বিধান্বিত ছিলেন। ডালমিয়া তাঁকে বলেছিলেন, এটা হবে সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। তা-ই হয়েছে। চ্যাপেল এখনো সেই স্মৃতি ভোলেননি, ‘আমি জীবনে কখনো এত মানুষ দেখিনি! অসংখ্য হাসিখুশি মানুষ, তারা ফুলের পাপড়ি ছিটাচ্ছে, হাত নাড়ছে, হাসছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।