চ্যাম্পিয়নস লিগ জিতল চেন্নাই

এর আগে পাঁচটি আসর হয়েছে। কোনোবারই চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টির ফাইনাল তেমনটা জমেনি। রানের দিক দিয়ে সবচেয়ে কম ব্যবধানের জয়টাও ছিল ৩১ রানের, উইকেটের দিক দিয়ে ৮ উইকেটের।
আজ কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান তোলার পর অনেকে নড়েচড়ে বসেছিলেন। কিন্তু আরেকটি একতরফা ফাইনালেই শেষ হলো চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টির এই আসর। সুরেশ রায়নার অপরাজিত সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংস জিতল ৮ উইকেটে। চেন্নাইয়ের এটি এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা। ছয় আসরের চারটিই জিতেছে ভারতের কোনো দল। দুবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস।
ভারতের কোনো দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এটা বোঝা গিয়েছিল আগেই। ২০১১ ও ২০১৩ সালের মতো এবারও ফাইনালে উঠেছিল ভারতেরই দুটো দল। ফর্মে ভালোভাবে ফেরার ইঙ্গিত দিয়ে গৌতম গম্ভীরের ৫২ বলে করা ৮০ রানের সৌজন্যে বড় স্কোরই পেয়েছিল কলকাতা। টানা ১৪ ম্যাচ অপরাজিত কলকাতা প্রথমবারের মতো চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ারই স্বপ্ন দেখছিল।
কিন্তু ৬২ বলে ৬টি চার ও ৮ ছক্কায় রায়নার অপরাজিত ১০৯ রানের ইনিংসটা সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে। দ্বিতীয় উইকেটে কলকাতারই সাবেক খেলোয়াড় ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে ম্যাচটা সেখানেই একরকম শেষ করে দিয়েছিলেন রায়না। ধোনির সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিটা শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিয়ে যায় দলকে। ৯ বল হাতে থাকতেই জিতে যায় চেন্নাই।