চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত বছর পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। দুবাইতে একই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে সেই হারের বদলা নিল পাকিস্তান। ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে এবার শিরোপা জিতেছে পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। ত্রিদেশীয় এ টুর্নামেন্টের অন্য দল ছিল বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৭ রান তোলে ইংল্যান্ড। মিডল অর্ডার ব্যাটসম্যান জেমি গুডউইন সর্বোচ্চ ৪০ রান করেছেন ৩১ বলে। পাকিস্তানের হয়ে পেসার নিহার আলম ২২ রানে নিয়েছেন ২ উইকেট।

৩২ বলে ৩৯ রান করে তাড়া করতে নামা পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন ওপেনার হাসনাইন আলম। পরে মিডল অর্ডার ব্যাটসম্যান জাহানজিব তিওয়ানের ২৭ বলে ২৯ রানের ইনিংসে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান পাকিস্তানের হাসনাইন। সেরা বোলার হয়েছেন ইংল্যান্ডের ক্যালাম ফ্লিন।