চ্যাম্পিয়ন হলো শাইনপুকুর

দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগে উত্তরণ নিশ্চিত করেছিল অগ্রণী ব্যাংক ও শাইনপুকুর। কাল সুপার লিগের শেষ রাউন্ডে সেই দুই দল মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচে। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন, এই সমীকরণের ম্যাচে ফতুল্লা আউটারে অগ্রণী ব্যাংককে ৯ উইকেটে হারিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শাইনপুকুর। ১৬ ম্যাচে দুই দলই সমান ২৬ পয়েন্ট পেলেও শাইনপুকুর চ্যাম্পিয়ন হয়েছে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়। প্রথমে ব্যাট করে ৪০.৫ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয় ব্যাংকাররা। ১৩৫ রানের লক্ষ্যটা ৩৮.২ ওভারে ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় শাইনপুকুর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে কাল দিনের অন্য এক ম্যাচে ৫০ ওভারে ৪০৫ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। সাতে নেমে ৫৬ বলে সর্বোচ্চ ৯৩ রান করেছেন রনি হোসেন। এরপর কাকরাইল বয়েজকে ২১৩ রানে অলআউট করে ১৯২ রানে জিতেছে রূপগঞ্জ। বিকেএসপির দুই ম্যাচে কালিন্দী (৩১০/৯) ১৬২ রানে ওরিয়েন্টকে (১৪৮) এবং সূর্যতরুণ (১৪২/৩) ৭ উইকেটে হারিয়েছে উদয়াচলকে (১৪১)।