দুই বছর পর আবার সেই শ্রীলঙ্কা, যুবরাজ সিং কী ভাবছেন? যুবির মনের কথা পড়া সম্ভব নয়। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রবিচন্দ্রন অশ্বিনের আলোচনায় যুবরাজের প্রসঙ্গ ছিলও না। আলোচনা হোক বা না হোক, যুবির হৃদয়ের ক্ষতটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
ঢাকার সেই ফাইনালটা নিশ্চয়ই আজও তাড়িয়ে ফেরে যুবরাজকে। একটা ইনিংসের জন্য এত বড় মূল্য দিতে হবে, তা কী ভেবেছিলেন! শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে খেলেছিলেন ২১ বলে ১১ রানের শম্বুকগতির ইনিংস। ফাইনালে ভারতের পরাজয়ের পর স্বাভাবিকভাবেই কাঠগড়ায় উঠেছিল যুবরাজের ওই ইনিংস। নায়ক থেকে খলনায়কই বনে গিয়েছিলেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান। ছিটকে পড়েছিলেন দল থেকেও।
দুই বছর দলের বাইরে থাকার পর ফিরেছেন গত জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এর পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দুটি টি-টোয়েন্টি। তবে প্রত্যাবর্তনটা এখনো মনে রাখার মতো হয়নি তাঁর, ৭ ম্যাচের ৫ ইনিংসে রান করেছেন ৫৪। দুই বছর আগে দুঃস্বপ্নের ওই মঞ্চ মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে আজ যুবরাজের শাপমোচনের সুযোগ।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আত্মবিশ্বাসী হওয়ার মতো অনেক উপাদান আছে ভারতীয় শিবিরে। পরিসংখ্যান তাদের পক্ষে। এ বছর ৮টি টি-টোয়েন্টি খেলে ভারত জিতেছে সাতটিতেই। হারেনি একটি সিরিজও। গত দুই মাসের পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে অশ্বিন বললেন, ‘গত দুই মাসে আমরা দারুণ টি-টোয়েন্টি খেলেছি। কীভাবে আরও ভালো দল হয়ে উঠতে পারি, সেটা নিয়ে ভাবছি।’
টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য ভারত সামান্য ব্যবধানেই এগিয়ে। ৯ ম্যাচে ভারত জিতেছে ৫টিতে। অতীত রেকর্ড মন্দ নয়, তবে শক্তিমত্তায় শ্রীলঙ্কাকে খানিকটা পিছিয়ে দিচ্ছে নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গার চোট। ভারত-পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে মালিঙ্গা খেলবেন কি না, তা অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা। এই এশিয়া কাপে শ্রীলঙ্কার দুশ্চিন্তার তালিকায় ব্যাটিংও আছে।
সমীকরণ কতটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর বলছিলেন সে ম্যাচের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘ফাইনালে যেতে হলে ভারত ও পাকিস্তানকে হারাতেই হবে আমাদের। কঠিন পথ। তবে আমরা সে পথ পাড়ি দিতে তৈরি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের মনোভাবটা পরিবর্তন করতে হবে।’
ভারতের কাছে হারলেই ফাইনালে ওঠার স্বপ্ন একরকম শেষ হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। শুধু এশিয়া কাপ নয়, শ্রীলঙ্কা কিন্তু টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নও। চ্যাম্পিয়নদের একদমই চ্যাম্পিয়নদের মতো লাগছে না। আজকের ম্যাচে ভারত তাই পরিষ্কার ফেবারিট। তবে টি-টোয়েন্টি ম্যাচ তো, কী হয় কে জানে!
মুখোমুখি
টি–টোয়েন্টি ভারত শ্রীলঙ্কা
মোট ৯ ৫ ৪
মিরপুরে ১ ০ ১