চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সংশয় কম
চিলে কান নিয়েছে শুনে যাঁরা চিলের পেছনে দৌড়াচ্ছেন, তাঁরা একটু থামতে পারেন। চিল আসলে কান নেয়নি, যেমনি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বলেই ধুয়েমুছে যাচ্ছে না বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল সে রকম আশ্বাসই দিলেন।
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের তিন জাতি সিরিজের খবর শুনে শঙ্কার মেঘ জড়ো হয়েছিল অনেকের মনে। কেউ কেউ এতে ‘ষড়যন্ত্রের’ও গন্ধ পাচ্ছিলেন। আইসিসির প্রধান নির্বাহীদের সভা থেকে ফেরা নিজাম উদ্দিন কাল দূর করে দিলেন সবকিছু। মিরপুরে বিসিবি কার্যালয়ের নিজ কক্ষে বসে সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমানে র্যা ঙ্কিংয়ের যে অবস্থা, আমি মনে করি অন্য কোনো দলের উঠে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। র্যা ঙ্কিংয়ে আমরা সাত নম্বরে আছি। আশা করছি আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারব।’
অন্য কোনো দলের আসার সম্ভাবনা কেন ক্ষীণ, প্রধান নির্বাহী ব্যাখ্যা করেছেন সেটাও, ‘পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ র্যা ঙ্কিংয়ে আমাদের চেয়ে নিচে আছে। সে ক্ষেত্রে তাদের ম্যাচের একটা প্রভাব হয়তো র্যা ঙ্কিংয়ে পড়বে। তারপরও সাত-আটের পার্থক্য যেহেতু পাঁচ পয়েন্টের মতো, সে কারণেই আমরা মনে করছি সম্ভাবনা খুবই ক্ষীণ। পাকিস্তান সব কটি ম্যাচ জিতলেই হয়তো রদবদল হতে পারে।’
অনেকের মতে, র্যা ঙ্কিংয়ে নিজেদের অবস্থান ঠিক রাখতে বিসিবিরও উচিত ছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশ দলকে খেলানোর চেষ্টা করা। নিজাম উদ্দিন দ্বিমতই প্রকাশ করলেন তাতে, ‘র্যা ঙ্কিংয়ে নিচের দিকের কোনো দলের সঙ্গে খেললে ওপরের দিকে থাকা দলের পয়েন্ট খুব একটা পার্থক্য হয় না। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমাদের নিচে আছে আমার মনে হয় আমরা নিরাপদ অবস্থানেই আছি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনটি ওয়ানডে আছে। নিচের দলগুলোর সঙ্গে খেলার চেয়ে আমাদের সেদিকেই দৃষ্টি দেওয়া উচিত।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য আরও আগেই একটা প্রস্তাব দিয়ে রেখেছিল বিসিবিকে। এ বছরের শেষ দিকে বাংলাদেশে এসে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চেয়েছিল তারা। কিন্তু বিসিবির পাল্টা প্রস্তাব ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার। ওয়েস্ট ইন্ডিজ তাতে রাজি না হওয়ায় দুই পক্ষের আলোচনা আর এগোয়নি বলে জানিয়েছেন নিজাম উদ্দিন।
আইসিসির বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা হয়েছে। শুধু তাই নয়, এই পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব অদূর ভবিষ্যতে অন্যভাবেও দেখা যাবে বলে আভাস দিলেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব ভবিষ্যতে দেখতে পাবেন। আমরা কিছু সদস্য দেশের সঙ্গে কথা বলছি। শুধু এফটিপি নিয়েই নয়, অন্যান্য পর্যায়ের ক্রিকেটে কীভাবে আরও উন্নতি করা যায়, সেগুলো নিয়েও কাজ করার চেষ্টা করছি।’