চ্যাম্পিয়নস ট্রফি শেষ ওকসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বাংলাদেশের বিপক্ষে মাত্র ২ ওভার বোলিং করেই চলে যান মাঠের বাইরে। আর মাঠে ফিরে আসেননি ক্রিস ওকস। ২-১-৪-০: চোট এই বোলিং বিশ্লেষণেই থামিয়ে দিয়েছে ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডারের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
পেশিতে টান লেগেছিল। মাঠের বাইরে গিয়েছিলেন শুশ্রূষার জন্য। অবস্থা খুব একটা সুবিধার নয় দেখে আর মাঠে নামেননি। কাল স্ক্যান করানোর পর জানা যায় চোট গুরুতর, চ্যাম্পিয়নস ট্রফিতে আর খেলা হবে না তাঁর। অথচ তাঁকে ঘিরে অনেক আশা ছিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডের। এবারের আইপিএলে অসাধারণ বোলিং করেছেন। ১৩ ম্যাচে ২২.৭০ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ওই ম্যাচেই পেশিতে চোট পান প্রথম। তিন ওয়ানডের সিরিজে পরের দুটি ম্যাচ তাই খেলেননি।

বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতে মাঠ ছাড়ার পর ওকসের প্রকৃত অবস্থা জানতেন না ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি শুধু বলেছিলেন ওকস তাঁর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ‘কয়েক বছর ধরে সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার ওপর নির্ভর করা যায়। সে আর খেলতে না পারলে সেটা হবে আমাদের বড় এক ক্ষতি।’ ক্রিকইনফো।