বিদ্রোহটা পূর্ণতা পেল না। অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটির হুমকি-ধমকি আর বোঝানোতে শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে দ্বন্দ্বের রাস্তা ছেড়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠানোর। তবে এই টুর্নামেন্টে তাঁরা যে খুশি মনে যাচ্ছেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী।
গত পরশু সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটির (সিওএ) সঙ্গে বোর্ড সদস্যরা এক ঘরোয়া সভায় বসেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠানোর সিদ্ধান্ত মূলত সেখানেই হয়ে গেছে। বিশেষ সাধারণ সভায় কোনো সদস্যই তাই এ বিষয়ে বিরোধিতা করেননি। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বোর্ডের বিশেষ সাধারণ সভায় সবার সম্মতিতেই চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ দল ঘোষণা করার কথাও ওই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়।
গত মাসে আর্থিক বণ্টন প্রশ্নে আইসিসির বোর্ড সভার ভোটাভুটিতে হেরে যায় ভারত। বিসিসিআইয়ের জন্য এটা ছিল চরম হতাশার। ভোটে হেরে যাওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফিকে আইসিসির সঙ্গে দর-কষাকষির অস্ত্র বানাতে চেয়েছিল বিসিসিআইয়ের একটি অংশ। তবে সিওএ চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠানোর জন্য বিসিসিআইকে চাপ দিতে থাকে। সেই চাপে মাথা নুইয়ে আইসিসিকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে বিসিসিআই। তবে লড়াইটা চালিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেছেন অমিতাভ, ‘এটা স্পষ্ট করা যাক, আমরা কোনো কিছুই মেনে নিইনি। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট আইনি সুযোগ আছে।’ রয়টার্স, এএফপি, ক্রিকবাজ।