চ্যাম্পিয়নস ট্রফিতে যে জার্সি পরবেন কোহলিরা

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলবে কি না, এমন একটা সংশয় এখনো আছে। আগামী রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে দলও দেয়নি তারা। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের নতুন জার্সি উন্মোচন হয়ে গেল আজ।
এ বছরের এপ্রিল থেকে ভারত দলের স্পনসর হয়েছে ওপ্পো। মোবাইল ফোন কোম্পানিটির সঙ্গে মিলে আজ মুম্বাইয়ে বিরাট কোহলিদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করেছে বিসিসিআই। নতুন জার্সিতে বুকের দিকে আর স্টারের নাম থাকছে না। এর বদলে থাকবে ওপ্পোর নাম। ভারতের নতুন জার্সির উন্মোচন অনুষ্ঠানে বিসিসিআইয়ের পক্ষ থেকে ছিলেন সিইও রাহুল জোহরি।
আইসিসি ও বিসিসিআইয়ের ঝামেলার শুরু আইসিসির সর্বশেষ বোর্ড সভার পর। দুবাইয়ের সেই সভা বড় এক ধাক্কাই দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। ৫৭ কোটি মার্কিন ডলার প্রাপ্তির আশা নিয়ে যাওয়া বিসিসিআই নতুন আর্থিক কাঠামো অনুযায়ী পাচ্ছে শুধু ২৯ কোটি ৩০ লাখ ডলার। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল দেয়নি ভারত। তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফি হয়তো বয়কট করতে চলেছে ভারত।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত না থাকলে টুর্নামেন্টটি যে জৌলুশ হারাবে, সেটা সবাই মানবেন। আইসিসিও তা জানে। আবার বিসিসিআইয়ের অন্তর্বর্তী কমিটিও জানে, আইসিসির একটি ইভেন্ট বয়কট করার ফল হতে পারে দুটি ওয়ানডে বিশ্বকাপসহ আগামী ছয় বছর আইসিসির বড় বড় সব ইভেন্টের অংশ নিতে আইনগত বাধা। আইসিসি-বিসিসিআই দুই পক্ষ সমঝোতার পথ খুঁজছে। ভারতকে আরও অতিরিক্ত ১০ কোটি ডলার দিতে চেয়েছে আইসিসি।
শেষ পর্যন্ত তাই ভারতকে হয়তো চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে। জার্সি উন্মোচন, আর সেই অনুষ্ঠানে বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর উপস্থিতি হয়তো সেই সবুজ সংকেতই দিল। অবশ্য ৭ মের বিশেষ সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে। সূত্র: ডেকান ক্রনিকল।