চ্যাম্পিয়নস ট্রফির দল দিচ্ছে ভারত

প্রথমে এল জার্সি উন্মোচনের খবর। সেটি টাটকা থাকতেই এবার এল, শিগগিরই দল ঘোষণার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট নিয়োজিত অন্তর্বর্তী প্রশাসক কমিটি (সিওএ)। আজ বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অমিতাভ চৌধুরীকে পাঠানো ই–মেইলে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কমিটি।
২৫ এপ্রিল ছিল দল ঘোষণার শেষ দিন। সেই তারিখ পেরিয়ে যাওয়ার পরও ভারত দল দেয়নি। এরপর শোনা গিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না–ও নিতে পারে ভারত। এ নিয়ে দিনকে দিন গুঞ্জন বাড়ছে দেখে তার সমাপ্তি টেনে দেওয়ার সিদ্ধান্ত নিল সিওএ।
অমিতাভকে পাঠানো ই–মেইলে সিওএ লিখেছে, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে অনেক নেতিবাচক খবর ছড়াচ্ছে। যত দ্রুত এটি মিটিয়ে ফেলা যায়, ততই ভালো। আপনি নিশ্চয়ই জানেন, ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের দল দেওয়ার কথা ছিল। কিন্তু তা এখনো নির্বাচন করা হয়নি। যত দ্রুত সম্ভব নির্বাচক কমিটির একটি সভার আয়োজন করুক। বিসিসিআইয়ের আইনগত অধিকার আছে কি না, এসব নিয়ে আর মাথা না ঘামিয়ে দল ঘোষণা করে দেওয়া দরকার।
রোববার বিসিসিআই বিশেষ সাধারণ সভা ডেকেছে। এর আগেই দল ঘোষণা করে ফেলতে পারে ভারত। বোর্ডের একটি অংশ বিসিসিআইয়ের আইসিসি থেকে প্রাপ্য লভ্যাংশ কমে যাওয়া ক্ষুব্ধ। পরশু ১২ জন বোর্ড সদস্য টেলিকনফারেন্সে অংশ নিয়ে আইসিসিকে লিগ্যাল নোটিশ পাঠানোর ব্যাপারে চাপ দেয়। তবে সিওএ সদস্যদের নিবৃত্ত করে সতর্ক করে দেয়, চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করলে ভারত ২০২৩ পর্যন্ত আইসিসির আর কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না। সূত্র: ক্রিকইনফো।