চ্যাম্পিয়নের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি
বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এসেছে বাংলাদেশ সফরে। অধিনায়কসহ বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ চারজন ক্রিকেটার খেলতে পারছেন না। সিরিজ শুরুর আগের দিন তবু বাংলাদেশ কোচ বলছেন, ‘ওদের মোটেও হালকা করে দেখছি না!’
ধন্দে পড়ে গেছেন তো? দক্ষিণ আফ্রিকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর খর্বশক্তির বাংলাদেশেরও তাদের খাটো করে না দেখা—এসবই আপাতত ক্রিকেটীয় রূপকথা। তবে রূপকথা নয়, শুরুর কথাগুলো সবই সত্যি। খেলাটাও ক্রিকেট। তবে বুঝতেই পারছেন আন্তর্জাতিক ক্রিকেট নয়, যুব ক্রিকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশের অধিনায়ক অলরাউন্ডার মেহেদি হাসান, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান জয়রাজ শেখ, অলরাউন্ডার শাহানূর রহমান ও ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার খেলতে পারছেন না এইচএসসি পরীক্ষার কারণে। তবু ফেবারিট বাংলাদেশই। কারণ? কন্ডিশন!
দক্ষিণ আফ্রিকার মূল দলই উপমহাদেশে এসে হিমশিম খায় স্পিন সামলাতে। যুব দলের জন্য কাজটি আরও কঠিন। দেশের গতিময়-বাউন্সি উইকেটে খেলে বেড়ে উঠেছে, মন্থর উইকেটের সঙ্গে পরিচয় নেই। ভালো মানের স্পিনও খেলা হয়নি সেভাবে। গত পরশু বিকেএসপি প্রস্তুতি ম্যাচটিতেও ছিল যেন মূল সিরিজের সম্ভাব্য পরিণতির ইঙ্গিত। বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ নিয়েছিলেন ৬ উইকেট! বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

কাল সংবাদ সম্মেলনে তাই সিরিজ জয়, বড় ব্যবধানে জয়, এমনকি ধবলধোলাইয়ের প্রসঙ্গও উঠল। কিন্তু বাংলাদেশ যুব দলের দীর্ঘদিনের কোচ মিজানুর রহমান প্রত্যাশার ভার চাপাচ্ছেন না দলের ওপর, ‘জিতবই বা বড় ব্যবধানে জিতে দেখিয়ে দেব, আমি ওভাবে ভাবি না। ওদের কোনোভাবেই হালকা করে দেখছি না আমরা। মনে রাখতে হবে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। প্রস্তুতি ম্যাচে অনেকে প্রস্তুতির ঢঙেই খেলে। কিন্তু সিরিজ সহজ হবে না।’
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ অনেক দিন ধরেই দলটির অধিনায়ক মেহেদি হাসান। দারুণ ক্রিকেটবোধের জন্য পরিচিত তিনি। তিনি নেই বলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন। প্রতিভাবান বাঁহাতি ব্যাটসমানের কণ্ঠে জয়েরই আশা, ‘আমাদের চারজন নিয়মিত ক্রিকেটার নেই। তবে নতুন যারা এসেছে, ওরা সেই অভাব পূরণ করতে পারে ভালোভাবেই। আমাদের দলের যা শক্তি এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা, আশা করি সিরিজ জিতব।’ গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় গিয়ে ২-০তে পিছিয়ে থেকেও সিরিজ জিতে এসেছে এই দল। সেই আত্মবিশ্বাস তো নাজমুলদের সঙ্গী হবেই।
আগামী ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই। সেই দেশে সিরিজ খেলার সুযোগ পাওয়াতেই রোমাঞ্চিত দক্ষিণ আফ্রিকা দলটি। গত বিশ্বকাপ জিতেছে তারা আবুধাবিতে। কাজেই শুধু কন্ডিশন বিবেচনায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে দুদলের জন্যই এটি প্রস্তুতির দারুণ সুযোগ। তবে প্রস্তুতির মোড়কে থাকবে সিরিজ জয়ের তাড়নাও।